২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ২২ বছর ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী বিল গেটস

ফোবর্স সাময়িকীর তালিকানুযায়ী, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের সেরা ৪০০ ধনীর শীর্ষস্থান ধরে রেখেছেন টানা ২২ বছর ধরে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 07:28 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ৪৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার ১২১তম অবস্থানে আছেন।

তালিকায় গেটসের সম্পদ ৭ হাজার ৬শ’ কোটি ডলার দেখানো হয়েছে, এ সংখ্যা ২০১৪ সালে তার মোট সম্পদের পরিমাণ থেকে পাঁচশ’ কোটি ডলার কম।

অপরদিকে ট্রাম্প নিজেকে যে পরিমাণ সম্পদের মালিক বলে দাবি করতেন তালিকায় তার অর্ধেকের চেয়েও কম সম্পদের মালিক হিসেবে দেখানো হয়েছে তাকে।

৬২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ওয়ারেন বাফে, আগের বছর থেকে তারও পাঁচশ’ কোটি ডলার সম্পদ কমেছে। ওরাকলের ল্যারি এলিসন আছেন তিন নম্বরে, তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৭শ’ ৫০ কোটি  ডলার।

জুলাইয়ে আমাজনের এক ত্রৈমাসিকের লাভে ১ হাজার ৬শ’৫০ কোটি ডলারের সম্পদ বৃদ্ধি পেয়ে সবচেয়ে বিস্ময়কর উত্থান হয়েছে প্রতিষ্ঠানটির জেফ বেজোসের, তিনি আছেন তালিকার চার নম্বরে।

ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ প্রথমবারের মতো শীর্ষ দশ ধনীর মধ্যে অবস্থান নিয়ে হয়েছেন সপ্তম, তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৩০ কোটি ডলার। অপরদিকে ৩ হাজার ৩৩০ কোটি ডলারের সম্পদ নিয়ে গুগলের ল্যারি পেইজ আছেন দশম স্থানে।

ফোবর্সের এই তালিকায় ভারতীয় বংশোদ্ভূত চার মার্কিন নাগরিক রয়েছেন। এদের মধ্যে ৩৩০ কোটি ডলার নিয়ে জন কাপুর আছেন তালিকার ১৯৪তম অবস্থানে, এরপরে ২৩৪তম অবস্থানে আছেন রমেশ টি ওয়াদবানি, ২৬৮তম অবস্থানে আছেন ভারত দেশাই ও ৩৫৮তম অবস্থানে আছেন কাভিতার্ক রাম শ্রীরাম।

যুক্তরাষ্ট্রের ৪০০ শীর্ষ ধনীর মোট সম্পদ ২ লাখ ৪৩ হাজার কোটি ডলার, ২০১৪ সালে এদের মোট সম্পদ ছিল ২ লাখ ২৯ হাজার কোটি ডলারের; এবার তা বেড়ে সর্বকালের শীর্ষে পৌঁছেছে।