‘যুক্তরাষ্ট্রের সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ প্রকল্প বন্ধ’
সিরিয়ার যুদ্ধক্ষেত্র থেকে নতুন প্রশিক্ষণার্থীদের সংগ্রহ করে দেশটির বাইরে প্রশিক্ষণ দেওয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।
মধ্যপন্থি বিদ্রোহী বাহিনী গড়ে তোলার এই সামরিক প্রকল্প পর্যালোচনার জন্য বন্ধ রাখা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, “প্রকল্পটি পর্যালোচনা করা হচ্ছে বলে সিরিয়া থেকে নতুন প্রশিক্ষণার্থী সংগ্রহ বন্ধ রেখেছি আমরা। তবে যুদ্ধক্ষেত্রে থাকা বাহিনীগুলোকে আমরা সমর্থন যুগিয়ে যাচ্ছি এবং হাতে থাকা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।”
যুক্তরাষ্ট্রের এই প্রকল্প শুরুতেই হোঁচট খায়। মার্কিন সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত ও অস্ত্রশস্ত্রে সজ্জিত ৬০ জনের মতো একটি বাহিনী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা মাত্রই আল কায়েদার অনুসারী সিরিয়ার নুসরা ফ্রন্টের হামলার মুখে পড়ে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এদের অনেকেই নিহত হয় বা ধরা পড়ে, আর ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রকল্পের নির্দেশনা অমান্য করে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত কিছু বিদ্রোহী নুসরা ফ্রন্টের কাছে তাদের অস্ত্রশস্ত্র সমর্পন করে। এর বিনিময়ে তাদের নিরাপদ স্থানে চলে যেতে দেয় নুসরার যোদ্ধারা।
