২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণ থেকে রক্ষা পেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট 

হজ পালন শেষে ফেরার পথে স্পিডবোটে ঘটা বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Sep 2015, 03:15 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

সোমবার রাজধানী মালের কাছের এই ঘটনায় সামান্য আঘাত পেয়েছেন ইয়ামিনের স্ত্রী ফাতিমাথ ইব্রাহিম ও প্রেসিডেন্টের দুই সহকর্মী।  

সৌদি আরব থেকে বিমানযোগে রাজধানীর অদূরে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন প্রেসিডেন্ট ইয়ামিন ও তার স্ত্রী। সেখান থেকে স্পিডবোটে রাজধানী মালেতে ফিরছিলেন তারা। 

কিন্তু জেটি থেকে মাত্র ছয় ফুট দূরে থাকাকালে স্পিডবোটটিতে বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
 
প্রেসিডেন্টের ফেরার অপেক্ষায় জেটিতে থাকা সাংবাদিকেরা পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। 

প্রেসিডেন্ট দপ্তরের মন্ত্রী মোহাম্মদ হুসেইন শরিফ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “মালের জেটির কাছে প্রেসিডেন্টের সরকারি স্পিডবোটে বিস্ফোরণ ঘটেছে। প্রেসিডেন্ট অক্ষত থাকলেও ফাস্টলেডি সামান্য আহত হয়েছেন।”

“স্পিডবোটের ইঞ্জিনে নাকি কোনো বিস্ফোরকের কারণে বিস্ফোরণটি ঘটেছে তা আমরা জানি না,” বলেন তিনি।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক বিস্ফোরণের পরপরই প্রেসিডেন্ট ইয়ামিনকে হেঁটে যেতে ও বিস্ফোরণে আহত একজনকে সহায়তা করতে দেখেছেন। 

মালের প্রধান হাসপাতালে স্ত্রী ফাতিমাথের পাশে ইয়ামিন আছেন বলে জানিয়েছেন শরিফ। প্রেসিডেন্টের আহত একজন দেহরক্ষী ও এক সহকর্মীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
৫৯ বছর বয়সী প্রেসিডেন্ট ইয়ামিন দেশে-বিদেশে একজন বিতর্কিত ব্যক্তিত্ব। ২০১৩ সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে জয়ী হয়ে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হন।