নেপালের রসদ সরবরাহের রাস্তা বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা
নেপালের দক্ষিণাঞ্চলের নৃগোষ্ঠীর অধিকার নিয়ে আন্দোলনকারীরা বলছে, দেশটির নয়া সংবিধান তাদের প্রান্তিক গোষ্ঠীতে পরিণত করেছে।
এর প্রতিবাদে তারা ভারতের সঙ্গে দেশটির প্রধান সরবরাহ রাস্তা বন্ধ করে দিয়েছে বলে বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে।
পরিস্থিতি বিবেচনায় দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এই সমস্যা সমাধানের একটি পথ খুঁজে বের করতে রাজধানী কাঠমান্ডুতে প্রধান তিন বিরোধীদলের সঙ্গে বৈঠক করেছেন।
দক্ষিণাঞ্চলীয় একটি শহর বীরগঞ্জে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে শত শত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এমন কী আন্দোলকারীদের দমনে কাঁদুনে গ্যাসও ব্যবহার করা হয়েছে।
বীরগঞ্জে বিবিসির প্রতিনিধি সঞ্জয় মজুমদার জানিয়েছেন, আন্দোলনকারীরা দেশটির রসদ আমদানির প্রধান সড়ক কার্যকরভাবে বন্ধ করে দিয়েছেন।
দেশটির ভারত সীমান্তে শত শত ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এগুলোতে চিনি, লবণ, রান্নার গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বহন করছে।
প্রতিবেশি ভারতের সরবরাহ করা পণ্যের ওপর নেপাল ভীষণ নির্ভরশীল।
মাধেসি নৃগোষ্ঠীর একজন জ্যেষ্ঠ নেতা লক্ষণ লাল কর্ণ বলেন, চলতি সপ্তার শুরুর দিকে পাস হওয়া দেশটির নতুন সংবিধান অনেক বিষয় নিষ্পত্তিতে ব্যর্থ হয়েছে। এ কারণে প্রতিবাদ-আন্দোলন অব্যাহত থাকবে।
গেল রোববার থেকে দেশটির নতুন সংবিধানটি কার্যকর হয়।
এর আগে দীর্ঘ সময় ধরে তীব্র মতবিরোধের পর পার্লামেন্টের ভোটাভুটিতে বিপক্ষের ২৫ ভোটের বিপরীতে ৫০৭ ভোটে দেশটির নতুন সংবিধান পাস হয়।
২০০৮ সালে নেপালে রাজতন্ত্র অবসান হওয়ার পর থেকে একটি অন্তর্বর্তী সংবিধান দিয়ে দেশ চালানো হচ্ছিল।
নতুন সংবিধানে নেপালকে সাতটি প্রদেশে ভাগ করা হয়েছে। এসব ভাগ নিয়ে বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কায় সম্প্রতি সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলো উত্তেজিত হয়ে বিক্ষোভে নেমেছিল।
তাদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে অন্ততপক্ষে ৪৫ জন নিহত হন।
রাজতন্ত্র বিলোপের পর বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করা হয়। নতুন সংবিধানেও রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখা হয়েছে।
তবে হিন্দুধর্মীয় গোষ্ঠীগুলো এর বিরুদ্ধে বিক্ষোভ করে নেপালকে ফের হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছে।
কয়েকটি ক্ষুদ্র বিরোধীদল পার্লামেন্টের ভোট বর্জন করে। আর তারা সংবিধানে আরো অধিকারের দাবিতে ফের আন্দোলনে নেমেছে।
