‘হ্যাপি বার্থডে’ গানের স্বত্বাধিকারী কেউ নন
বিশ্বে ইংরেজি ভাষার বহুল প্রচলিত গান ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ এর স্বত্বাধিকারী কেউ নন বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রিক কোর্টের প্রধান বিচারক।
এতদিন সঙ্গীত প্রকাশনা প্রতিষ্ঠান ওয়ার্নার/চ্যাপেল গানটির স্বত্ব দাবি করত এবং গানটির স্বত্ব বিক্রি করে প্রতিষ্ঠানটি বছরে ২০ লাখ মার্কিন ডলার আয় করত।
ওয়ার্নার/চ্যাপেল কর্তৃপক্ষের দাবি, তারা ১৯৩৫ সালে গানটির স্বত্বাধিকার পাওয়ার আবেদন করে এবং ১৯৮৮ সালে স্বত্বাধিকার পায়।
তবে বিচারক জর্জ কিং বলেন, ওয়ার্নার/চ্যাপেল শুধুমাত্র গানটি বিশেষ যন্ত্রানুষঙ্গে পরিবেশনের ক্ষেত্রে স্বত্বাধিকার পেয়েছিল। কিন্তু গানের কথার স্বত্ব তাদের দেয়া হয়নি।
১৮৯৩ সালে কেনটাকি অঙ্গরাজ্যের দুইবোন মিলড্রেড ও পেটি হিল গানটিতে সুর দিয়েছিলেন। যদিও তাদের গানের কথা ছিল ‘গুড মর্নিং টু অল’। এ গানটিই পরে হয়ে ওঠে ''হ্যাপি বার্থডে টু ইউ'', যা বিশ্বজুড়ে মানুষের জন্মদিনে গাওয়া হয়ে আসছে বহু যুগধরে।
১৯৮৮ সাল থেকে ওয়ার্নার/চ্যাপেল গানটির স্বত্ব বিক্রি করা শুরু করে। ২০১৩ সালে রুপা মারিয়া ও রবার্ট সেগাল নামের দুই নির্মাতা ওই প্রকাশনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন।
তারা গানটি নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছিলেন। ওয়ার্নার/চ্যাপেল তথ্যচিত্রে গানটি ব্যবহারের জন্য তাদের কাছে দেড় হাজার মার্কিন ডলার দাবি করে।
মারিয়া ও সেগান গানটি জনগণের সম্পত্তি এবং এটার জন্য কারো ‘কপিরাইট ফি’ দাবি করা উচিত নয় বলে মামলা ঠুকে দেন।
নতুন এ রায়ের ফলে এখন ওয়ার্নার/চ্যাপেল কর্তৃপক্ষকে বেশ ঝামলোয় পড়তে হতে পারে।
কারণ, চলচ্চিত্র নির্মাতাসহ যারা গানটি ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে অর্থ দিয়েছিলেন তারা এখন ওই অর্থ ফেরত চাইতে পারবে।
