হজের মধ্যে সন্তান প্রসব
হজের মধ্যে সৌদি আরবের মিনায় এক শিশুর জন্ম হয়েছে।
হজ পালনের আনুষ্ঠানিকতা শুরুর দিন মঙ্গলবার মিনা আল-ওয়াদি হাসপাতালে এক পাকিস্তানি নারী সন্তান প্রসব করেন।
মা ও নবজাতক সুস্থ আছেন বলে হাসপাতালের পরিচালক মুহাম্মদ মালাবারি জানিয়েছেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, এ বছর হজ পালনেচ্ছুরা মিনায় জড়ো হতে শুরু করার পর এই কারও জন্ম হয়। শিশুটির নাম রাখা হয়েছে মুহাম্মদ আলী।
হাসপাতালের নার্সিং বিভাগের পরিচালক জানান, ওই নারী ডায়াবেটিসের রোগী হওয়ায় তার প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।
শিশুটির বাবা জানিয়েছেন, তারা মিনায় পৌঁছানোর পরপরই তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় এবং তাকে মিনা আল-ওয়াদি হাসপাতালে নিয়ে আসেন।
পবিত্র স্থানে সন্তানের জন্ম হওয়ায় সন্তোষ প্রকাশ করে হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
