২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শরণার্থীদের জন্য তহবিল দিতে পারে ইইউ

সিরিয়ার শরণার্থীদের জন্য কয়েক শ’ কোটি ইউরোর নতুন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের কাছ থেকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Sep 2015, 08:30 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

বুধবার অনুষ্ঠেয় এক জরুরি বৈঠকে ইইউ নেতারা এ প্রতিশ্রুতি দিতে পারেন। একইসঙ্গে শরণার্থী সঙ্কট নিয়ে তিক্ত মতবিরোধ নিরসনেরও চেষ্টা চলবে বৈঠকে।

মঙ্গলবার জনসংখ্যা, অর্থনীতি ও আবেদনের ভিত্তিতে একলাখ বিশ হাজার শরণার্থীকে ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার বিতর্কিত কোটা পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রিসভায় পাস হয়।

যদিও এই কোটার তীব্র বিরোধিতা করেছে রুমানিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়াসহ ইউরোপের কয়েকটি দেশ।

বুধবারের বৈঠকে এ মতবিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে।

বৈঠকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে সমালোচনার মুখেও পড়তে হতে পারে। গত মাসে চরম মানবিক সঙ্কটের সময় জার্মানিই প্রথম শরণার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায়।

মেরকেলের এ সিদ্ধান্ত ইউরোপমুখী শরণার্থীর ঢল উসকে দিয়েছে বলে অভিযোগ দেশটির পূর্বদিকের প্রতিবেশীদের।

শরণার্থীদের ঢল আটকাতে হাঙ্গেরি, অস্ট্রিয়া, সার্বিয়াসহ কয়েকটি দেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে বা সীমান্ত আইন কঠোর করেছে।

ভূমধ্যসাগর পেরিয়ে শরণার্থীরা গ্রিস এবং ইতালি হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। উত্তর ইউরোপের দেশগুলো ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি ও গ্রিসের পুননির্বাচিত প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসকে কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছে।

সেংগেন এরিয়ার অন্তর্ভূক্ত দেশগুলোর নিয়ম অনুযায়ী, কোনো আশ্রয় প্রার্থী ওই দেশগুলোর মধ্যে যেটিতে প্রথম প্রবেশ করবে তাকে প্রথমে ওই দেশে আশ্রয় প্রার্থনা করতে হবে।

কিন্তু উত্তরের দেশগুলোর অভিযোগ, ইতালি ও গ্রিস শরণার্থীদের নিবন্ধন না করিয়েই ছেড়ে দিচ্ছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাধ্যমে শরণার্থীদের আটকানোর প্রস্তাব তুলতে পরেন। ইউরোপের সাবেক কমিউনিস্ট দেশগুলোতে তার এই (শরণার্থী আটকানোর) ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

ওদিকে, হাঙ্গেরির মিত্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেন, কোটা ভিত্তিতে শরণার্থীদের আশ্রয় দেয়ার যে পরিকল্পনা ইইউ’র মন্ত্রিসভায় পাস হয়েছে তার বিরুদ্ধে তিনি আদালতে যাবেন।