গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন নারীর বিরুদ্ধে চীনের তদন্ত
গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাষ্ট্রের নাগরিক এক নারীর বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়।
স্যান্ডি ফান-গিল নামের ওই নারী টেক্সাসের বাসিন্দা। তার পরিবারের পক্ষ থেকে অনলাইনে এ সপ্তাহে একটি বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, “গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রের গোপন তথ্য চুরির সন্দেহে চীন কর্তৃপক্ষ গত ছয় মাস ধরে ওই নারীকে আটকে রেখেছে।”
“১৯ মার্চ দক্ষিণের শহর ঝুহাই থেকে মাকাউ যাওয়ার সময় তাকে আটক করা হয়।”
এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বলেন, “ফন-গিল চীনের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করছেন এমন সন্দেহ করা হচ্ছে। চীন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে।”
“সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চীন সরকার তাকে অন্তত ছয়বার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তদন্তে সহায়তা করছেন।”
এ বিষয়ে কথা বলার জন্য রয়টার্সের পক্ষ থেকে চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
হিউসটোন শেনজেন সিস্টার সিটি অ্যাসোসিয়েশনের প্রধান ফন-গিলের পূর্বপুরুষ চীনের নাগরিক ছিলেন। বাণিজ্য সংক্রান্ত কারণে তিনি চীন সফরে যান।
বিবৃতিতে তার স্বামী জেফ গিল বলেন, “স্যান্ডি গুপ্তচর বা চোর নন। তিনি একজন কঠোর পরিশ্রমী ব্যবসায়ী। তিনি অলাভজনক অনেক কাজে প্রচুর সময় ব্যয় করেন যেটা হিউসটোন-চীনের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে স্যান্ডি ফন-গিলের শারীরিক অবস্থা ভাল নয়।
গত ছয় মাসে তিনি একবারও পরিবার বা বন্ধুদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
