২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেখা হল, কথা হল পোপ আর কাস্ত্রোর

লাতিন আমেরিকার প্রথম পোপ ও ওই অঞ্চলে ২০ শতকের শেষ জীবিত বামপন্থি আইকন ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎ হল হাভানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Sep 2015, 11:40 AM

Updated : 25 Apr 2022, 01:54 PM

কিউবা সফররত পোপ ফ্রান্সিস রোববার ৮৯ বছর বয়সী কিউবার সাবেক প্রেসিডেন্ট কাস্ত্রোর বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

দুই দর্শনের দুই নেতা এ সময় ধর্ম ও বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রায় ৪০ মিনিট কথা বলেন। কাস্ত্রোর স্ত্রী ও তার পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকটি ‘খুব সহজ, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বসুলভ’ পরিবেশে হয়েছে বলে জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদেরিকো লোম্বার্ডি।

পোপ কাস্ত্রোকে তার লেখা কয়েকটি ধর্মীয় বই এবং ফাদার আর্মান্দো লোরেন্তের লেখা নিয়ে তৈরি একটি সিডি উপহার দেন। ৭০ বছর আগে জেসুইট প্রিপ্রারেটরি স্কুলে পড়াকালে এই ফাদার লোরেন্ত কাস্ত্রোর শিক্ষক ছিলেন।

নীল ও সাদা ট্র্যাকস্যুট পরা কাস্ত্রো পোপকে ‘ফিদেল ও ধর্ম’ নামের তার সাক্ষাৎকারের একটি বই উপহার দেন। ১৯৮৫ সালের এ বইটিতে প্রকাশিত ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎকারগুলো নিয়েছিলেন ব্রাজিলের একজন পাদ্রি। 

কাস্ত্রোর সঙ্গে সাক্ষাতের পর পোপ ফ্রান্সিস কিউবার প্যালেস অব দি রেভল্যুশনে গিয়ে ফিদেল কাস্ত্রোর ছোট ভাই ৮৪ বছর বয়সী কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেন। দুজন প্রায় এক ঘন্টা একান্তে কথা বলেন। 

বড় ভাই ফিদেলের মতোই নাস্তিক রাউল ক্রুশবিদ্ধ যিশুর বিশাল আকৃতির একটি ভাস্কর্য উপহার দিয়ে পোপকে অবাক করে দেন; ভাস্কর্যে যিশুর পেছনে মাছধরার জাল ও বৈঠা আছে। 

ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাতের আগে কিউবার রাজধানী হাভানার রেভল্যুশন স্কয়ারে ‘সানডে ম্যাস’ পরবে ভাষণ দেন পোপ। এ সময় প্রেসিডেন্ট রাউল ও কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

প্রথম রাষ্ট্রীয় সফরে শনিবার কিউবা গেছেন পোপ ফ্রান্সিস। মঙ্গলবার কিউবা থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন যাবেন তিনি।

যুক্তরাষ্ট্র সফরকালে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র কংগ্রেস ও জাতিসংঘে পোপের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র-কিউবার দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পেছনে পোপ ফ্রান্সিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মনে করা হয়।