২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার সিরিজা, আবার সিপ্রাস

নির্বাচনপূর্ব জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ভুল প্রমাণ করে আবারও গ্রিসের ক্ষমতায় আসছে অ্যালেক্সিস সিপ্রাসের দল সিরিজা পার্টি।

রয়টার্স

রয়টার্স

Published : 21 Sep 2015, 10:12 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

গ্রিসের জাতীয় নির্বাচন: তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে সিপ্রাস
গ্রিক প্রধানমন্ত্রীর পদত্যাগ
অবশেষে সমঝোতা, বেইলআউট পাচ্ছে গ্রিস
দাতাদের শর্তে গ্রিসের ‘না’

রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৫৭ শতাংশ ভোট গণনায় বামপন্থি সিরিজা পার্টি ৩৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। আর রক্ষণশীল নিউ ডেমোক্রেসির পক্ষে পড়েছে ২৮ দশমিক ২ শতাংশ ভোট, যদিও এ দুটি দলের মধ্যে শক্ত লড়াইয়ের আভাস এসেছিল মতামত জরিপে। 

নির্বাচনে তৃতীয় স্থানে থাকা গোল্ডেন ডন এ পর্যন্ত পেয়েছে ৭ শতাংশ ভোট।

ভোটে জিতলেও সিপ্রাসের দল গতবারের চেয়ে চারটি আসন কম পাবে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত পাওয়া ফলের ধারা না বদলালে  ৩০০ আসনের গ্রিক পার্লামেন্টে ১৪৫টি আসন পেতে যাচ্ছে সিরিজা পার্টি।

গত জানুয়ারির নির্বাচনে যেখানে ৬৩ শতাংশ গ্রিক ভোট দিয়েছিলেন, এবার সেখানে বাক্সে পড়েছে ৫৫ শতাংশ ভোট।

ঋণজর্জরিত অর্থনীতিকে টেনে তুলতে ইউরো জোনের কঠিন ‘বেইল আউট’ শর্ত মেনে নিজ দলের বিরোধিতার মুখে পড়ে ক্ষমতায় আসার আট মাসের মাথায় নতুন নির্বাচন দেন ‘স্পষ্টভাষী’ সিপ্রাস।  

জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সিরিজা পার্টি সরকার গঠন করার পর জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন বেইলআউট চুক্তি ও কৃচ্ছ্রতার পরিকল্পনা গ্রহণ করা নিয়ে গণভোটে অংশ নেয় গ্রিসের জনগণ।

কিন্তু নিজের দলে সমালোচনার মুখে নির্বাচনের ডাক দিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সিপ্রাস।

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আবারও সেই সিপ্রাসের ওপরই আস্থা রাখল গ্রিসের জনগণ।

স্পষ্ট জয়ের সুবাতাস পাওয়ার পর এথেন্স স্কোয়ারে সমর্থকদের উদ্দেশে এক বক্তৃতায় সিপ্রাস বলেন, “শক্তি ও সম্মানের দিক থেকে ইউরোপ, গ্রিস ও গ্রিসের মানুষ এখন সমান। আগামী পুরো চার বছর আমরা একসাথে লড়াই করব।”

সিপ্রাস ৮৫ বিলিয়ন ইউরো বেইল আউট নিয়ে তার পরিকল্পনার কথা স্পষ্ট করে না বললেও সিরিজা পার্টির প্রচারে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ছিল।

সিপ্রাস বলেন, “আমাদের সামনে কঠিন পথ, কিন্তু আমাদের পায়ের তলায় শক্ত ভিতও আছে। আমরা জানি, কোথায় পা ফেলতে হবে। আমাদের সম্ভাবনা আছে। জাদুকরীভাবে সঙ্কট থেকে উত্তরণ হবে না। কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে হবে।”

নতুন সরকার গঠনের পর সিপ্রাসের প্রথম কাজ হবে পরবর্তী বেইল আউটের জন্য ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সমর্থন আদায় করা। আগামী মাসে এই বেইল আউট পর্যালোচনা করার কথা।

গ্রিসের সঙ্কট মোকাবেলায় এরই মধ্যে নতুন সরকারের সঙ্গে মিলে কাজ করার ইচ্ছে জানিয়েছেন ডাচ অর্থমন্ত্রী ইয়েরন ডাইসেব্লুম।

তবে ইউরোপের জন্য নতুন সমস্যা হিসেবে দেখা দেওয়া শরণার্থীর ঢেউ সামলানোর কাজটিও ভালোভাবে করতে হবে সিপ্রাসকে। কারণ সাগরভাসা হাজার হাজার মানুষের ইউরোপে ঢোকার অনেকগুলো পথের একটি এই গ্রিস।

শরণার্থী সঙ্কট নিয়ে বুধবার ইউরোপীয় নেতাদের এক বৈঠকে সিপ্রাসেরও যোগ দেওয়ার কথা রয়েছে।