উড়িষ্যায় সড়ক দুর্ঘটনায় কাবাডি খেলোয়াড়সহ নিহত নয়
ভারতের উড়িষ্যা রাজ্যে একটি ট্রাক সেতু থেকে ছিটকে পড়ে কাবাডি খেলোয়াড়সহ নয়জন নিহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজ্যের সুন্দরগড় জেলার সুরাপল্লি এলাকার কাছের এ ঘটনায় আরো ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
ধুনদিগাঁও থেকে একটি টুর্নামেন্ট খেলে ফিরে আসার সময় সেন্ধাপুর গ্রামের কাবাডি খেলোয়াড়দের বহনকারী ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।
আহত কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি উল্টে গিয়ে ছোট ওই সেতু থেকে নিচে পড়ে যায়।
পুলিশ কর্মকর্তা আর বি পানিগ্রাহি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ বের করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
