দলীয় ভোটে ক্ষমতাচ্যুত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
প্রতিদ্বন্দ্বী ম্যালকম টার্নবুলের চ্যালেঞ্জের মুখে মধ্য-ডান লিবারেল পার্টির নেতৃত্ব খুইয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতৃত্ব নিয়ে সোমবার গভীর রাতে তড়িঘড়ি আয়োজিত ভোটে টনি অ্যাবোট তারই অধীনে দায়িত্ব পালন করা মন্ত্রী ম্যালকম টার্নবুলের কাছে হেরে যান।
সাম্প্রতিক জরিপে অ্যাবোটের জনসমর্থন ছিল কম। ভোটাভুটিতে অ্যাবোট পেয়েছেন ৪৪ আর প্রতিপক্ষ ম্যালকম পেয়েছেন ৫৪ ভোট। ফলে অ্যাবোটকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে।
আগামী বছর শেষের আগেই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু টার্নবুল মঙ্গলবারই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে মনে করা হচ্ছে। নিজের বৈধতার ভিত পাকাপোক্ত করতে আগাম নির্বাচন দেয়ার কোনো ইচ্ছা তার নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন টার্নবুল।
২০১৩ সালের পর থেকে অস্ট্রেলিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হবেন নতুন এ নেতা। টনি অ্যাবোট গর্ভনর জেনারেলের কাছে লিখিত পদত্যাগপত্র দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরই টার্নবুল শপথ নেবেন।
দলীয় ভোটের আগে টার্নবুলের বলেছিলেন, অ্যাবোটের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট নয়। সুতরাং তাকে দলীয় প্রধানের পদে রাখা হলে আগামীতে সাধারণ নির্বাচনে দলের ভরাডুবি হবে।
এর আগে অ্যাবোট তার নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জের খবরকে নিছক গুজব বলে উড়িয়ে দিলেও পরে তা মোকাবেলা করার ঘোষণা দেন। সোমবার বিকালে দপ্তরে গিয়ে অ্যাবোটের সঙ্গে দেখা করে তার নেতৃত্বের বিষয়ে ভোট আয়োজনের অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।
একইদিন লিবারেল পার্টির উপ-প্রধানের পদেও ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হন জুলি বিশপ।
