চ্যালেঞ্জের মুখে অ্যাবোটের নেতৃত্ব
লিবারেল পার্টির নেতৃত্ব থেকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে সরে যেতে বলেছেন দলটির আরেক জ্যেষ্ঠ নেতা যোগাযোগমন্ত্রী ম্যালকম টার্নবুল।
সোমবার বিকেলে দপ্তরে গিয়ে অ্যাবোটের সঙ্গে দেখা করে নেতৃত্বের বিষয়ে একটি ভোট গ্রহণের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।
অনেকদিন ধরেই টার্নবুলকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
সোমবার টার্নবুল জানিয়েছেন, অর্থনীতির ব্যবস্থাপনা বিষয়ে অ্যাবোটের উপরে আস্থা হারিয়েছেন তিনি। এ কারণে অ্যাবোটের নেতৃত্বের বিষয়ে তিনি চ্যালেঞ্জ জানাতে পারেন, এ কথা অ্যাবোটকে জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, “অর্থনীতির বিষয়ে আমাদের জাতিকে যে ধরনের নেতৃত্ব দেওয়া দরকার, প্রধানমন্ত্রী তা দিতে আর সক্ষম নন। ব্যবসার জন্য যে ধরনের আস্থার পরিবেশ দরকার তিনি তা দিতেও সক্ষম নন।”
“আমাদের অন্য ধরনের নেতৃত্ব প্রয়োজন,” বলেন তিনি।
সাত মাস আগে লিবারেল পার্টির নেতৃত্বের চ্যালেঞ্জে জয়ী হয়েছিলেন অ্যাবোট। সাত মাসের মাথায় ফের চ্যালেঞ্জের মুখে পড়লেন তিনি।
জনমত জরিপে অ্যাবোটের জনপ্রিয়তা তলানির দিকে এবং পার্লামেন্টের উচ্চকক্ষেও তার বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ।
নেতৃত্বের বিষয়ে আদৌ কোনো ভোট গ্রহণ করা হবে কিনা এবং হলে কখন হবে, তা পুরোপুরিই অ্যাবোটের উপর নির্ভর করছে।
ক্যানবেরার ওই সংবাদ সম্মেলনে টার্নবুল আরও বলেছেন, “অ্যাবোট যদি নেতৃত্ব পদ আঁকড়ে থাকেন, তাহলে পরবর্তী নির্বাচনে জোট সরকার হেরে যাবে।”
