২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আয়লানের বাবাই নৌকা চালাচ্ছিলেন’ অভিযোগ যাত্রীদের

ডুবে মারা যাওয়া সিরীয় শিশু আয়লান কুর্দির বাবা চোরাচালানীদের সঙ্গে কাজ করতেন এবং তিনিই ডুবে যাওয়া ওই শরণার্থীবাহী নৌকাটি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন নৌকার যাত্রীরা। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Sep 2015, 03:31 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

এসব অভিযোগ গেল সপ্তাহের ঘটনা সম্পর্কে আয়লানের বাবার বলা কথার সঙ্গে মিলছে না। অন্যকেউ নৌকাটি চালাচ্ছিলেন বলে দাবি করেছিলেন তিনি।  

কিন্তু ইরাকি নাগরিক আহমেদ হাদি জাওয়াদ ও তার স্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বড় একটি ঢেউ নৌকাটিকে আঘাত করার পর আয়লানের বাবা আব্দুল্লাহ কুর্দি আতঙ্কগ্রস্ত হয়ে নৌকার গতি বাড়িয়ে দিয়েছিলেন। 

ওই দুর্ঘটনায় জাওয়াদ দম্পতির ১১ বছর বয়সী কন্যা ও নয় বছর বয়সী পুত্রের মৃত্যু হয়। 

তৃতীয় আরেক জন ঘটনা সম্পর্কে জাওয়াদ দম্পতির বক্তব্য নিশ্চিত করেছেন। তবে এদের কারো বক্তব্যই নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। 

শুক্রবার বাগদাদে শ্বশুরবাড়িতে থাকা জাওয়াদ বলেন, “যে গল্পটি বলা হয়েছে তা মিথ্যা। কেন সে মিথ্যা কথা বলল তা আমি জানি না। সম্ভবত ভয় পেয়ে বলেছে। নৌকাটি ডুবে যাওয়া পর্যন্ত পুরো সময়টিতে সেই নৌকাটি চালিয়েছে।” 

তিনি দাবি করেন, ঘটনার পর আয়লানের বাবা সাঁতার কেটে তাদের কাছে আসেন এবং দুর্ঘটনার বিষয়ে তার প্রকৃত ভূমিকা কী ছিল তা চেপে যাওয়ার জন্য তাদের হাতে-পায়ে ধরেন। জাওয়াদের স্ত্রীও এ বর্ণনাকে সমর্থন করেন। 

আবু হুসেইন নামের একজন তাকে চোরাচালানীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন জাওয়াদ। 

“আবু হুসেইন আমাকে বলে, সে-ই (আয়লানের বাবা) নৌযাত্রাটির আয়োজন করেছে,” বলেন তিনি।  

Image
ইরাকি নাগরিক আহমেদ হাদি জাওয়াদ পরিবার নিয়ে গ্রিসে যাওয়ার উদ্দেশে নৌকায় চড়েছিলেন। নৌকাডুবিতে তিনি তার দুই সন্তানকে হারিয়েছেন। ছবি: রয়টার্স

ইরাকি নাগরিক আহমেদ হাদি জাওয়াদ পরিবার নিয়ে গ্রিসে যাওয়ার উদ্দেশে নৌকায় চড়েছিলেন। নৌকাডুবিতে তিনি তার দুই সন্তানকে হারিয়েছেন। ছবি: রয়টার্স

সিরীয় শহর কোবানি থেকে আয়লান কুর্দির বাবার সঙ্গে টেলিফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছে রয়টার্স।  কিন্তু তাকে পাওয়া যায়নি। আবু হুসেইনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।  তবে যুক্তরাজ্যের মেইলঅনলাইনকে আয়লানের বাবা বলেছেন, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়।  তিনি বলেছেন, “আমি নৌকাটি চালানোর কথা ভেবেছিলাম, তবে আমি তা করিনি। যা বলা হচ্ছে সব মিথ্যা।”  তিনি আরো বলেন, “এগুলো সত্য নয়। আমি যদি মানবপাচারকারীই হব, তাহলে আমি আমার পরিবারকে অন্যদের সঙ্গে একই নৌকায় চড়াবো কেন? পাচারকারীদের আমি একই পরিমাণ অর্থ দিয়েছি।” 

চলতি সপ্তাহে একটি কুর্দি সংবাদপত্রে একজন কুর্দি পাচারকারীকে দায়ী করেছেন আয়লানের বাবা। তবে তার নাম তিনি বলেননি।
 
২২ বছর বয়সী ইরাকি আমির হায়দার জানিয়েছেন তিনি একই নৌকায় ছিলেন। জাওয়াদের কথা সমর্থন করে তিনিও আয়লানের বাবাকেই চালক হিসেবে শনাক্ত করেছেন। 
 
ইস্তাম্বুল থেকে টেলিফোনে তিনি বলেছেন, আয়লানের বাবাকে প্রথমে তিনি তুর্কি বলে মনে করেছিলেন কারণ সে কথা বলছিল না। পরে তাকে তার স্ত্রীর সঙ্গে সিরীয় আরবিতে কথা বলতে শুনেছেন। 

তুরস্কের একটি অবকাশ কেন্দ্রের সাগরতটে আয়লান কুর্দির ভেসে আসা মৃতদেহের ছবি প্রকাশিত হলে সারা বিশ্বে নিন্দার ঝড় বয়ে যায়। ইউরোপের উন্নত দেশগুলো সাগরের বিপজ্জনক পথে আসা শরণার্থীদের জন্য তেমন কিছু করছে না বলে অভিযোগ উঠে।