২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতার ১৪ বছরের কারাদণ্ড

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজকে ১৩ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 10:03 AM

Updated : 25 Apr 2022, 01:51 PM

বিবিসি বলছে, ২০১৪ সালে সরকারবিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়া ও হত্যার অভিযোগে তাকে এই দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ওই বিক্ষোভে সরকার ও বিরোধী উভয়পক্ষের ৪৩ জনের মৃত্যু হয়।

৪৪ বছর বয়সী লোপেজকে ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে একটি সামরিক কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

এই রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী কারাকাসে আদালত ভবনের বাইরে লোপেজের কর্মী-সমর্থক ও সরকারপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়।

তবে লোপেজের আইনজীবীরা এই বিচারকার্যে গুরুতর অনিয়মের অভিযোগ করেছেন। তারা দাবি করছেন, পর্যাপ্ত সাক্ষী ও প্রমাণাদি আদালতে উপস্থাপনে ব্যর্থ হয়েছে সরকার পক্ষ।

লোপেজের পরিবার বলছে, ১৯ মাস ধরে কারাগারে বন্দি থাকা অবস্থায় বেশিরভাগ সময়ই তাকে নির্জন সেলে রাখা হয়েছে। আর এতে তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

আরো বেশ কয়েকজন বিরোধীদলীয় নেতাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

ভেনেজুয়েলার দরিদ্র জনগোষ্ঠীর একটি অংশের কাছে লোপেজ অত্যন্ত ভয়ঙ্কর একজন ব্যক্তি যিনি সহিংসতা উস্কে দেন এবং সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালান।

তার সমালোচকেরা ২০০২ সালে সাবেক প্রেসিডেন্ট উগো চ্যাবেসের বিরুদ্ধে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার বিষয়টিকেই সবসময় সামনে নিয়ে আসেন।