‘জার্মানি বছরে ৫ লাখ শরণার্থী নিতে সক্ষম’
জার্মানি বছরে পাঁচ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে সক্ষম। কয়েকবছরের জন্য জার্মানি এ ধারা অব্যাহত রাখতে পারবে বলে জানিয়েছেন দেশটির ভাইস চ্যান্সেলর জিগমার গাব্রিয়েল।
২০১৫ সালে প্রায় ৮ লাখ শরণার্থী জার্মানিতে প্রবেশ করছে বলে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ২০১৪ সালের সংখ্যার চেয়ে চারগুণ বেশি।
অন্যান্য ইইউ দেশেরও শরণার্থীর এ বোঝা ভাগ করে নেয়া উচিত বলে আবারো উল্লেখ করেছেন গাব্রিয়েল।
জার্মানির জেডডিএফ টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা নিশ্চিতভাবেই আগামী বেশ কয়েক বছর ধরে বছরে অন্তত পাঁচ লাখ শরণার্থীকে আশ্রয় দিতে পারব বলেই আমার বিশ্বাস।”
“এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, হয়ত এর বেশিও পারব।”
সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত কয়েকটি দেশ বিশেষ করে সিরিয়া থেকে লাখ লাখ শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে।
জার্মানি শরণার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানালেও এত শরণার্থীকে তাদের একার পক্ষে আশ্রয় দেয়া সম্ভব না। ইউরোপের অন্যান্য দেশগুলোও শরণার্থীদের আশ্রয় দেয়া উচিত বলে মনে করেন গাব্রিয়েল।
তিনি বলেন, যেহেতু জার্মানি শক্তিশালী অর্থনীতির দেশ। তাই আনুপাতিক ভাবে তারা বেশি শরণার্থীকে আশ্রয় দিতে পারবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নভূক্ত অন্যান্য দেশগুলোরও নিজেদের দায়িত্ব ভাগ করে নেয়া উচিত।
বুধবার ইউরোপীয়ান কমিশনের প্রধান জেইন-ক্লাউডি জাঙ্কের এ সংক্রান্ত একটি ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই ঘোষণায় ইইউ ভূক্ত ২৮টি দেশের মধ্যে বাধ্যতামূলকভাবে এক লাখ ৬০ হাজার শরণার্থীকে ভাগ করে দেয়া হতে পারে।
যদিও হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও রুমানিয়া এই কোটা পদ্ধতিতে শরণার্থীদের ভাগ করার পরিকল্পনা বাতিল করে দিয়েছে।
দেশগুলোর বক্তব্য, যদি ইইউ’র বাইরের সীমান্ত সুরক্ষার ব্যবস্থা করা না হলে সব পরিকল্পনাই বৃথা যাবে।
ওদিকে, শরণার্থীদের ঢল আটকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী কাসাব হেন্দে পদত্যাগ করেছেন।
শরণার্থীদের ঢল সামলাতে ভুগতে হচ্ছে গ্রিসকেও।
শুধু সোমবারই গ্রিসের দ্বীপ লেসবসে প্রায় ৩০ হাজার শরণার্থী প্রবেশ করেছে। একটি পরিত্যক্ত ফুটবল মাঠে তাদের নাম নিবন্ধনের কাজ চলছে।
ইউরোপে প্রবেশের জন্য গ্রিসের দ্বীপ লেসবস শরণার্থীদের কাছে অনেক বেশি আকর্ষণীয়। কারণ তুরস্ক থেকে সমুদ্রপথে লেসবসের দূরত্ব মাত্র ৫ দশমিক ৫ কিলোমিটার।
সোমবার গ্রিসের একজন কর্মকর্তা বলেন, লেসবস নিবন্ধন কেন্দ্রে গত পাঁচ দিন ধরে ২৪ ঘণ্টা কাজ চলছে।
এছাড়া, ওই দিন এথেন্সগামী ফেরিতে উঠাকে কেন্দ্র করে প্রায় আড়াই হাজার শরণার্থীর হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করতে নিরাপত্তাকর্মীদের লাঠিচার্জ করতে হয়েছে।
