ইয়েমেনে ১ হাজার স্থলসেনা পাঠিয়েছে কাতার
ইয়েমেনে প্রায় ১ হাজার স্থলসেনা পাঠানোর কথা জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব-সমর্থিত অভিযানে তাদের অংশগ্রহণের খবর এটাই প্রথম।
সামরিক কয়েকটি সূত্র বলেছে, কাতারি বাহিনী ইয়েমেন যাওয়ার পথে রয়েছে এবং রাজধানী সানায় হুতি অবস্থানগুলোর ওপর নতুন অভিযানে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
কাতারের জঙ্গিবিমান চালকরা কয়েকমাস ধরে হুতিদের ওপর সৌদি আরবের বিমান হামলায় অংশ নিচ্ছে।
হুতিদের ওপর কয়েকমাস ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় যোগ দিয়েছে কাতারের পাইলটরা।
হুতিরা গতবছর রাজধানী সানা দখল করে এবং লড়াইয়ে অগ্রগতি অর্জন করে মার্চে প্রেসিডেন্ট আবুদ-রাব্বু মনসুর হাদিকে নির্বাসিত করে।
উপসাগরীয় আরব সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েকদিনে সংঘর্ষ বেড়ে যাওয়ার মধ্যে কাতারের স্থলসেনা পাঠানোর এ খবর এল।
আল-জাজিরার ইংরেজি ওয়েবসাইট বলেছে, ২শ সাঁজোয়া যান এবং ৩০ টি এপাচি হেলিকপ্টারসহ এক হাজার কাতারি সেনা মোতায়েন করা হয়েছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী এ খবরের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে কাতার ভিত্তিক একটি প্রতিরক্ষা সূত্র বলেছে, কাতারের সেনা সংখ্যা ১ হাজারেরও কম। তাদেরকে এখনো ইয়েমেনে মোতায়েন করা হয়নি। তবে সীমান্ত সুরক্ষার জন্য তারা সৌদি আরবে আছে।
কিন্তু ইয়েমেনের রাজধনী সানার পূর্বে মারিব প্রদেশের এক স্থানীয় কর্মকর্তা বলছেন, কাতারের সেনাবহর সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যবর্তী আল-ওয়াদিয়া সীমান্ত ফাঁড়ি পার হয়ে গেছে। এখন তারা মারিবের দিকে অগ্রসর হচ্ছে।
