২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে  নিরাপত্তা বিল বাতিলে ফের বিক্ষোভ

জাপানে নিরাপত্তা বিল বাতিলের দাবিতে ফের বিক্ষোভ হয়েছে। ফুঁসে উঠছে জাপানিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এসএম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 07:50 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

মাত্র এক সপ্তাহ আগে বড় ধরনের বিক্ষোভের পর রোববার রাজধানী টোকিওতে সকাল থেকে বিকাল পর্যন্ত এ বিক্ষোভ চলে। পার্লামেন্টের আশেপাশে প্রতিবাদের স্লোগান আর প্লাকার্ডে ছেয়ে যায় পুরো এলাকা।

প্রধানমন্ত্রী শিনজো আবের  ‘নিরাপত্তা বিল’ বাতিলের দাবিতে গত এক মাস ধরে প্রতিবাদ করে আসছিল জাপানিরা। গত সপ্তাহে এক দশকের মধ্যে বড় ধরনের বিক্ষোভের পর রোববার তা আরো বেড়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে।

পার্লামেন্টের পাশ করা এ বিলে বলা হয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাপানি সেনারা যেকোন দেশে যুদ্ধে অংশ নিতে পারবে। প্রয়োজনে দেশের স্থল ও জলপথও ব্যবহার করা যাবে। আর এই বিলটি আগামী ২৭ সেপ্টেম্বর পার্লামেন্টের উচ্চকক্ষে পাশ হওয়ার কথা রয়েছে।

শুরু থেকে বিলটি বাতিলের দাবি করে আসছিল জাপানিরা। কিন্তু সরকার বলছে, বিরোধীদল ও তাদের অনুসারীরা এ বিলটি নিয়ে বির্তক সৃষ্টি করেছে। তারা মিথ্যা ছড়িয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে।

আবে সরকার বিলটির জনপ্রিয়তা যাচাইয়ে মৌখিক ভোটের আয়োজনের কথা বললেও শুক্রবার সরকারের পক্ষ থেকে তা নাকচ করে দিয়ে যেকোন মূল্যে নিরাপত্তা বিল পাশ করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।

আর এর প্রতিবাদে রোববার সকাল থেকে পার্লামেন্টের আশেপাশে নারী, পুরুষ আর শিশুরা জড়ো হতে থাকে। ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, ‘যুদ্ধ শেষ, আর নয় যুদ্ধ’, ‘এবার আবে হবেন রুদ্ধ’সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তাদেরকে স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভকারীরা বলছে,  শিনজো আবে পশ্চিমা শাসক গোষ্ঠীকে তুষ্ট করার জন্য বিলটি পাশ করছেন। মার্কিন সেনারা জাপানের সেনাদের প্রশিক্ষণ দেয়ার অজুহাতে দেশটিতে অবস্থান করছে। শান্তি বিঘ্নিত করা যদি আবের লক্ষ্য হয়, তাহলে তার পদত্যাগই একমাত্র মুক্তির পথ।

‘নিরাপত্তা বিল বাতিল কর’, ‘দেশকে রক্ষা কর’ স্লোগানে দাঁড়িয়ে থাকা পঁচিশোর্ধ্ব যুবক মিয়ামি ওকাকি বলন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের যে সমস্যা হয়েছিল, তা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। দেশের শান্তি রক্ষায় আমরা আমাদের সেনাবাহিনীকে কোন যুদ্ধে অংশ নিতে দেব না। প্রয়োজনে নিজের রক্ত দেব, তবু দেশে আর কোন অশান্তি সৃষ্টির সুযোগ দেব না।”

টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনিতা সেতো বলেন, “প্রধানমন্ত্রী কি জানেন না এ বিল জনগণ চায় না। তিনি কি বোঝেন না যে, জোর করে আরোপিত এ নিরাপত্তা বিল সাধারন মানুষদের কতটা ভোগান্তিতে ফেলছে?  আমরা চাই সরকার অবিলম্বে সামরিক আইনের এ বিল থেকে পিছু হটুক। জাপানে শান্তি ফিরে আসুক।”

তবে জাপান সরকার বরাবরই এ বিক্ষোভ বিরোধীদের বলে অভিযোগ করে আসছে। দেশটির মন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সুগা বলেন, আমরা অত্যন্ত হতাশ ও লজ্জিত। কোন কিছু না বুঝেই রোববার হঠাৎ করে যে বিক্ষোভ হয়েছে তা নিছক গুজব থেকে।

তিনি বলেন, “সংবিধান সমুন্নত রেখে সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী ও যুগোপযোগী করতে নিরাপত্তা আইন পাশ করিয়েছে। সামরিক ক্ষেত্রে বিশ্ব যেখানে এগিয়ে সেখানে আমাদের পিছিয়ে থাকা দুঃখজনক ছাড়া আর কিছু নয়।”