জাপানে নিপ্পন স্টিল কারখানায় অগ্নিকাণ্ড
জাপানের রাজধানী টোকিওর দক্ষিণে হানেদা বিমানবন্দরের কাছে কাওয়াসাকি শহরে নিপ্পন ইস্পাত কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জাপানি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কারাখানাটির আগুনে কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি।
দমকলের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিপ্পন ইস্পাত কারখানার একটি ইউনিটের দুই মিটার লম্বা একটি কুলিং টাওয়ার থেকে আগুনের সূত্রপাত।
হানেদা বিমানবন্দর টোকিওর কেন্দ্রস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানবন্দরের পরেই কাওয়াসাকি শহর।
বিমানবন্দরের যাত্রীরা অনলাইনে আগুনের যেসব ছবি আপলোড করেছেন তাতে কালো ধোঁয়ার ঘন কুণ্ডুলি দেখা গেছে।
ট্যুইটারে এক যাত্রী লিখেছেন, “হানেদা বিমানবন্দরের একটি গেট দিয়ে আমি বিমানের দিকে যাওয়ার সময় খেয়াল করলাম অনেক লোক জানালা দিয়ে কী যেন দেখছেন, সেখানে গিয়ে তাকাতেই বিরাট আগুনের শিখা দেখতে পেলাম।”
“আমাদের বিমান ছাড়তে ১৫-২০ মিনিট দেরি হল। পাইলট জানালেন, দেরির আংশিক কারণ আগুন।”
ইস্পাত কারখানাটির আগুন ছড়িয়ে পড়ে পাশের ভোগ্যপণ্য উৎপাদনকারী কাও কোম্পানির কারখানায়ও ছড়িয়ে পড়ে। এই কারখানাটির ছয়শ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের উপর আগুনের কোনো প্রভাব পড়েনি বলে নিশ্চিত করেছে এনএইচকে।
সোমবার জাপানে লাগা এটি দ্বিতীয় বড় ধরনের অগ্নিকাণ্ড। এর আগে রাজধানী টোকিওর কাছে সাগামিহারাতে যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটিতে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
