২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের অর্থনৈতিক মন্দার কবলে জাপান

জাপান নতুন করে অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে।  বিশ্বের তৃতীয় বৃহত্তম  অর্থনীতির এ দেশটি মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমার খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাপান প্রতিনিধি: এস এম নাদিম মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 10:22 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

জাপানের মন্ত্রী পরিষদ কার্যালয় প্রাথমিক ভাবে জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসের চেয়ে এপ্রিল ও জুন প্রান্তিকে দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি কমেছে। তিন ধাপে অর্জিত জিডিপি হ্রাসের হার বছরে প্রত্যাশিত প্রবৃদ্ধির চেয়ে ১ দশমিক ৬ শতাংশ কম।

এর আগে গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরে জিডিপি’র প্রত্যাশিত প্রবৃদ্ধি ২ দশমিক ১ এর চেয়ে কম ছিল। ২০১১ সালের ভূমিকম্প এবং সুনামির পর থেকে জাপানের জিডিপি কমছে।

জাপানের অর্থনীতি ও পূর্নবাসন মন্ত্রী আকিরা আমারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভোগ্য ও নিত্যপন্যের দাম উর্ধ্বমুখী হওয়ায় এর সঙ্গে বেতনের সামঞ্জস্য ছিল না। যার কারণে আমরা জিডিপি’র কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারিনি।

তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছর রপ্তানির পরিমাণ কমেছে। এছাড়াও, খারাপ আবহাওয়া অর্থনীতিতে মন্দার জন্য দায়ী।

তবে তিনি বলেন, জুলাই ও অগাস্টে গ্রীষ্মের তাপদাহে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র বিক্রি বেড়েছে, যে কারণে বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে পারব।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচের এক সংবাদে বলা হয়, গত সাত মাসে কার-গাড়ি বাজারে মন্দা ছিল। একইসঙ্গে দেশটির অভ্যন্তরীন খুচরা বাজারে বিক্রির পরিমাণ দশমিক ৮ শতাংশ কমেছে।