ব্যাংককে হামলাকারী কোনো ‘চক্রের’ হয়ে কাজ করেছে
ব্যাংককের এরাওয়ান মন্দিরে সোমবার বোমা হামলা চালানো ব্যক্তি কোনো চক্র বা ‘নেটওয়ার্কের’ হয়েই একাজ করেছে। থাইল্যান্ডের পুলিশ প্রধান একথা বলেছেন।
ওই হামলার প্রধান সন্দেহভাজনের একটি স্কেচ প্রকাশ করেছে পুলিশ। তার পরণে আছে হলুদ একটি টি-শার্ট। এরাওয়ান মন্দির থেকে চলে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে তার ছবি দেখা গেছে।
ফুটেজে পাওয়া সেই সন্দেহভাজনকেই খুঁজছে থাই কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় চালানো ওই হামলায় এশিয়ার বিভিন্ন দেশের নয়জন বিদেশি নাগরিক নিহত হন।
বিবিসি জানায়, থাই পুলিশ প্রধান সমিয়ত পুম্পানমুয়াং বুধবার বলেছেন, মন্দিরে হামলায় একাধিকজন জড়িত।
প্রধান সন্দেহভাজনের কথা উল্লেখ করে তিনি বলেন, “সে একা এ হামলা চালায়নি তা নিশ্চিত। এটি একটি নেটওয়ার্ক।” তবে এ ব্যাপারে তিনি আর বিস্তারিত কিছু জানান নি।
হামলায় থাই নাগরিকরা জড়িত বলেও নিশ্চিত করেছেন পুম্পানমুয়াং। তবে হামলাকারী বিদেশি নাকি ছদ্মবেশী থাই নাগরিক তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
থাই পুলিশের উদ্ধৃতি দিয়ে রয়টার্স পরে জানিয়েছে, বোমা হামলাস্থলে সিসিটিভি ফুটেজে আরো দুইজনকে দেখতে পাওয়া গেছে। তাদেরকেও হামলার ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রধান সন্দেহভাজনকে পুলিশের কাছে আত্মসমর্পনের আহ্বান জানিয়েছেন।
ব্যাংককের বাণিজ্যিক এলাকায় সন্ধ্যার ব্যস্ত সময়ে চালানো এই হামলা দেশটির অর্থনীতিকে ধ্বংস করার লক্ষ্যেই হয়েছে বলে অভিযোগ করেছে থাই সরকার। হামলার পর প্রায় দুইদিন পেরিয়ে গেলেও দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
সোমবারের হামলায় নিহতদের বেশিরভাগই থাই নাগরিক। তবে নিহত বিদেশিদের মধ্যে চীন, হংকং, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের নাগরিকরাও আছে।
আতঙ্কিত নগরীটিতে স্নায়ু কাঁপন ধরিয়ে মঙ্গলবার আরো একটি বোমার বিস্ফোরণ ঘটনো হয়। শহরের একটি সেতু থেকে নদীর পাশে বাঁধানো রাস্তা লক্ষ্য করে ছোঁড়া ছোট বোমাটি নদীতে পড়ে বিস্ফোরিত হয়। এতে পানির একটি স্তম্ভ উথলে উঠলেও কেউ আহত হননি।
মেজর জেনারেল সুখোন্দাপাতিপাক জানিয়েছেন, সোমবারের প্রাণঘাতী বিস্ফোরণের সঙ্গে মঙ্গলবারের ছোট বিস্ফোরণটির মিল রয়েছে। তবে দুটি ঘটনার সঙ্গে কর্তৃপক্ষ কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করছে না বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “দুটিই টিএনটি বোমা। একই ধরনের হলেও আমরা দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক এখনও খুঁজে পাইনি।”
সিসিটিভির অস্পষ্ট ফুটেজে এরাওয়ান মন্দিরে হামলার সন্দেহভাজনকে পিঠে একটি ব্যাগ বাধা অবস্থায় মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখা গেছে। সেখানে একটি রেলিংয়ের পাশে তিনি বসেছেন এবং তাকে ব্যাগের ফিতা খুলতে দেখা গেছে।
হলুদ টি-শার্ট পরা কালো, ঢেউ খেলানো লম্বা চুলের তরুণটি এরপর উঠে দাঁড়ান। এ সময় তার হাতে একটি নীল রংয়ের প্লাস্টিকের ব্যাগ এবং সম্ভবত একটি মোবাইল ফোন ছিল। বেড়ার পাশে পর্যটকদের ভিড়ে ব্যাগটি পড়ে থাকে।
একটি পাইপ বোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে এর আগে জানিয়েছেন তিনি। থাইল্যান্ডে এ ধরনের হামলা নজিরবিহীন বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
