২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটেজ পাওয়া সন্দেহভাজনকে খুঁজছে ব্যাংকক পুলিশ

ব্যাংককের এরাওয়ান মন্দিরের কাছের একটি সিসিটিভি ফুটেজে দেখা এক সন্দেহভাজনকে খুঁজছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।

রয়টার্স

নিউজ ডেস্ক

রয়টার্স

Published : 18 Aug 2015, 04:48 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

সোমবার সন্ধ্যায় ব্যাংককের কেন্দ্রস্থলের শিদলোম এলাকার ওই হিন্দু মন্দিরের কাছে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে ২২ জন নিহত হন। এদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের ৯ বিদেশি পর্যটকও রয়েছেন।

জাতীয় পুলিশ প্রধান সমিয়ত পাম্পানমুয়াং জানিয়েছেন, ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তি একটি হলুদ টি-শার্ট পরেছিলেন। তিনি থাই নাগরিক অথবা বিদেশিও হতে পারেন।

এক সংবাদ সম্মেলনে পাম্পানমুয়াং বলেন, “ব্যক্তিটি পিঠে একটি থলে বহন করছিল। প্রথম ফুটেজে থলেটে দেখা গেছে। কিন্তু পরের আরেকটি ফুটেজে সেটি ছিল না।”

তিনি আরো বলেন, “বোমা বিস্ফোরণের সময়টিতে থলে বহনকারী ওই ব্যক্তিকে মন্দিরের পাশ দিয়ে চলে যেতে দেখা গেছে। তবে এর সঙ্গে হামলার কোনো যোগসুত্র আছে কিনা তা বের করতে হলে আমাদেরকে আগের ও পরের সিসিটিভি ফুটেজগুলো আরো ভালভাবে খতিয়ে দেখতে হবে।”

এর আগে পুলিশ জানিয়েছিল, তারা সামরিক সরকারের বিরোধী গোষ্ঠীগুলোসহ কোনো গোষ্ঠীকেই সন্দেহের বাইরে রাখছে না।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওঁচাও বিস্তারিত কিছু না জানিয়ে হলুদ গেঞ্জি পরিহিত সন্দেহভাজনের কথাই উল্লেখ করেছেন। তিনি কেবল বলেন, “এখনো সরকার-বিরোধী গোষ্ঠীগুলো সক্রিয় আছে।”

বোমা হামলায় চীন ও তাইওয়ানের নাগরিকসহ ১২৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভনসিরি।

“থাইল্যান্ডে এর আগে এত ভয়াবহ বোমা হামলা আর হয়নি” বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঁচা।

পর্যটন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতেই মন্দিরে আগত বিদেশিদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন থাই প্রতিরক্ষামন্ত্রী প্রাওয়িত ওংসুওয়ান। রাজধানীতে চালানো এ প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

পর্যটকদের অন্যতম আকর্ষণ এরাওয়ান মন্দিরে চালানো এই হামলার দায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠীই স্বীকার করেনি, থাই কর্মকর্তারাও সরাসরি কোনো গোষ্ঠীকে দায়ী করেননি।

দেশটির সেনাবাহিনীর প্রধান ও উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উদোমদেজ সিতাবুতর বলেছেন, দক্ষিণ থাইল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের কৌশলের সঙ্গে ব্যাংককের বোমা হামলার ধরন ঠিক মেলে না।

মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “এ হামলা দক্ষিণ থাইল্যান্ডের ঘটনাগুলোর সঙ্গে খাপ খায় না। এখানে যে ধরনের বোমা ব্যবহার করা হয়েছে সেটিও দক্ষিণের ধরনের না।”

একটি পাইপ বোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে জানিযেছেন দেশটির পুলিশ প্রধান সমিয়ত পমপানমুয়াং। থাইল্যান্ডে এ ধরনের হামলা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তিনি। 

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের মুসলিম বিদ্রোহীদের দমনে লড়াই করছে বৌদ্ধপ্রধান থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনীগুলো, কিন্তু নিজেদের এলাকার বাইরে মুসলিম বিদ্রোহীদের হামলা চালানোর ঘটনা বিরল।

তবে এক দশক ধরে থাইলান্ডে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন সময়ে সহিংসতা হচ্ছে। বেশ কয়েক মাসের সহিংসতার পর গত বছর মে মাসে দেশটিতে সেনা অভ্যুত্থান হয়। এখন সামরিক বাহিনীই শাসনক্ষমতায় আছে।