ফুটেজের সন্দেহভাজনের দিকে চোখ থাই কর্তৃপক্ষের
ব্যাংককের যে হিন্দু মন্দিরে বোমা হামলায় ২২ জন নিহত হয়েছেন, সেই মন্দিরের কাছে থাকা একটি ক্লোজ-সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ফুটেজে পাওয়া এক সন্দেহভাজনকেই খুঁজছে থাই কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যায় চালানো ওই হামলায় এশিয়ার বিভিন্ন দেশের নয়জন বিদেশি নাগরিক নিহত হন।
ব্যাংককের বাণিজ্যিক এলাকায় সন্ধ্যার ব্যস্ত সময়ে চালানো এই হামলা দেশটির অর্থনীতিকে ধ্বংস করার লক্ষ্যেই হয়েছে বলে অভিযোগ করেছে থাই সরকার। হামলার পর প্রায় দুইদিন পেরিয়ে গেলেও দায় স্বীকার করেনি কোনো পক্ষ।
আতঙ্কিত নগরীটির স্নায়ুতে কাঁপন ধরিয়ে মঙ্গলবার আরো একটি বোমার বিস্ফোরণ ঘটনো হয়। শহরের একটি সেতু থেকে নদীর পাশে বাঁধানো রাস্তা লক্ষ করে ছোঁড়া ছোট বোমাটি নদীতে পড়ে বিস্ফোরিত হয়। এতে পানির একটি স্তম্ভ উথলে উঠলেও কেউ আহত হননি।
মেজর জেনারেল সুখোন্দাপাতিপাক জানিয়েছেন, সোমবারের প্রাণঘাতী বিস্ফোরণের সঙ্গে মঙ্গলবারের ছোট বিস্ফোরণটির মিল রয়েছে। তবে দুটি ঘটনার সঙ্গে কর্তৃপক্ষ কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করছে না বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “দুটিই টিএনটি বোমা। একই ধরনের হলেও আমরা দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক এখনও খুঁজে পাইনি।”
সিসিটিভির অস্পষ্ট ফুটেজে এরাওয়ান মন্দিরে হামলার সন্দেহভাজনকে পিঠে একটি ব্যাগ বাধা অবস্থায় মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখা গেছে। সেখানে একটি রেলিংয়ের পাশে তিনি বসেছেন এবং তাকে ব্যাগের ফিতা খুলতে দেখা গেছে।
হলুদ টি-শার্ট পরা কালো, ঢেউ খেলানো লম্বা চুলের তরুণটি এরপর উঠে দাঁড়ান। এ সময় তার হাতে একটি নীল রংয়ের প্লাস্টিকের ব্যাগ এবং সম্ভবত একটি মোবাইল ফোন ছিল। বেড়ার পাশে পর্যটকদের ভিড়ে ব্যাগটি পড়ে থাকে।
জাতীয় পুলিশ প্রধান সমিয়ত পাম্পানমুয়াং জানিয়েছেন, সন্দেহভাজন একটি হলুদ গেঞ্জি পরিহিত ছিলেন এবং তিনি থাই অথবা বিদেশি হতে পারেন।
একটি পাইপ বোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে এর আগে জানিয়েছেন তিনি। থাইল্যান্ডে এ ধরনের হামলা নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে পাম্পানমুয়াং বলেন, “ওই লোকটি একটি ব্যাগপ্যাক বহন করছিলেন এবং ঘটনার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন।
তবে এখানে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা বের করতে আমাদের সিসিটিভি ফুটেজের আগে-পরের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।”
এর আগে পুলিশ জানিয়েছিল, তারা সামরিক সরকারের বিরোধী গোষ্ঠীগুলোসহ কোনো গোষ্ঠীকেই সন্দেহের বাইরে রাখছে না।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাও বিস্তারিত কিছু না জানিয়ে হলুদ গেঞ্জি পরিহিত সন্দেহভাজনের কথাই উল্লেখ করেছেন। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেছেন, “এখনও সরকারবিরোধী গোষ্ঠীগুলো সক্রিয় আছে।”
বোমা হামলায় চীনা ও তাইওয়ানের নাগরিকসহ ১২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভনসিরি।
