চীনে বড় ধরনের বিস্ফোরণে নিহত ৫০
চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে বড় ধরনের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরো অন্তত ৭০০ মানুষ।
আহতদের মধ্যে ৭১ জনেরও বেশি মানুষের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন দমকলকর্মীও।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরের কাছে ‘দাহ্য পদার্থ ও রাসায়নিকের’ গুদামে এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে।
চীনের সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ‘বিস্ফোরকের একটি’ চালান পরিবহনের সময় একটি বিস্ফোরণ ঘটে।
সেই বিস্ফোরণের ধাক্কা কয়েক মাইল দূর থেকেও অনুভূত হয়। এর ৩০ সেকেন্ডের মাথায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ছবি ও ভিডিওতে দেখা যায়, তিয়ানজিনের আকাশ আগুনের শিখায় আলোকিত হয়ে উঠেছে। ঘটনাস্থলে কয়েকটি ভবন ধসে পড়েছে বলেও অনেকে জানিয়েছেন। দুটো জায়গায় আগুন এখনো জ্বলছে বলে জানিয়েছে তিয়ানজিন সরকার এবং সরকারি সিনহুয়া বার্তা সংস্থা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা চালানোর জন্য সর্বশক্তি নিয়োগ করার নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়।
বিশাল এলাকা জুড়ে আগুন এবং ধোঁয়ার কুন্ডলী দেখতে পাওয়ার কথা জানিয়ছেন স্থানীয় অধিবাসীরা। তিয়ানজিন কর্তৃপক্ষ ৪৪ জন দমকলকর্মীর মধ্যে ১২ জনই নিহত হয়েছে বলে জানিয়েছে।
তিয়ানজিন দমকল বিভাগের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বেইজিং সংবাদপত্র প্রাথমিক খবরে ঘটনাস্থলে থাকা ৩৬ জন দমকল কর্মীর সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছিল।
বিস্ফোরণের পর আগুনে পুড়ছে গাড়ি। ছবি: রয়টার্স
বার্তা সংস্থাটি জানায়, মারাত্মক সব পণ্য রয়েছে এমন একটি অয়্যারহাউজে আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪০ টিরও বেশি ফায়ার ইঞ্জিন নিয়ে লড়ছে ১ হাজার দমকলকর্মী।
হাসপাতালগুলো আহত লোকজন উপচে পড়ার কথা জানিয়েছে।
বিবিসি’র চীনা বিভাগের সম্পাদক রেমন্ড লি জানিয়েছেন, সব ধরনের ইঙ্গিত সাক্ষ্য দিচ্ছে ঘটনাটি একটি শিল্প দুর্ঘটনা। বিস্ফোরণের কারণ কি তা তদন্ত করে দেখা হচ্ছে।
চীনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিপজ্জনক এবং বিষাক্ত রাসায়নিক নিয়ে কাজ করা রুইহাই লজিস্টিকস কোম্পানির মালিকানাধীন একটি অয়্যারহাউজে এক চালানে আসা বিস্ফোরক বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে।
সিসিটিভি জানায়, ওই কোম্পানি সংশ্লিষ্ট অন্তত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, প্রথম বিস্ফোরণের মাত্রা তিন টন টিএনটি (ট্রাই নাইট্রো টলুইন) বিস্ফোরকের সমতুল্য ছিল, আর দ্বিতীয়টি ২১ টন টিএনটির সমতুল্য।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বড় বিস্ফোরণ দুটির পর আশপাশে আরো কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। সিসিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত চারজন দমকলকর্মী রয়েছেন।
তিয়ানজিন থেকে বিবিসি’র প্রযোজক শিনিয়ান য়ু জানিয়েছেন, ধসে যাওয়া ভবনগুলোর মধ্যে শ্রমিকদের ডরমিটরিও রয়েছে।
চীনা নিউজ ওয়েবসাইটগুলোতে পোস্ট করা ছবিগুলোতে ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি ভবন, তিয়ানজিন বন্দরের বহুতল কার-পার্কিং স্থাপনায় পুড়ে যাওয়া শত শত গাড়ি দেখা গেছে।
চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণপূর্বের গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পশহর তিয়ানজিনে দেড় কোটি মানুষ বসবাস করে। বিস্ফোরণের ঘটনার পর তিয়ানজিনের বাতাস এবং পানিতে দূষণের মাত্রা পরীক্ষা করে দেখা হচ্ছে।
