ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে ১০, আসামে বন্যায় ৮ জনের মৃত্যু
ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে আসামের ১৭টি জেলার প্রায় সাড়ে চারশ গ্রাম ডুবে গেলেও পানি কমতে শুরু করেছে।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভারি বৃষ্টির মধ্যে ভূমিধসের ঘটনায় অন্তত ১০ জনের এবং দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারি বৃষ্টির পর আকস্মিক বন্যায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
গত কিছুদিন ধরে বিশ্বের বিভিন্ন অংশজুড়ে প্রবল তাপদাহ, দাবানল, ভারি বৃষ্টি ও বন্যায় বহু প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এতে জলবায়ু পরিবর্তনের গতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তানেও বৃষ্টি ও বন্যায় প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যরাতে মহারাষ্ট্রের প্রধান শহর মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরের প্রত্যন্ত পার্বত্য পল্লী ইরশালওয়াদিতে বৃষ্টির মধ্যে ভূমিধসের ঘটনা ঘটে, পবর্তের একটি অংশ ধসে পড়ে অন্তত ১০ জন নিহত ও শতাধিক নিখোঁজ হন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০টি লাশ ও ৮০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যে পাহাড়ের বন্ধুর পার্বত্য এলাকায় উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।
ইরশালওয়াদিতে অন্তত ২২৫ জনের মতো মানুষ বসবাস করতেন বলে হিসাব করা হয়েছে। ভূমিধসের পর থেকে এখানে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ চলছে। এরমধ্যেই পাহাড়ের গা বেয়ে বড় বড় বোল্ডার গড়িয়ে নেমে এসে উদ্ধারকারীদের কাজ আরও কঠিন করে তুলছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক।
এদিকে আসামে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং ১ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কয়েকদিনের টানা বৃষ্টির পর রাজ্যের নদনদীর পানি বেড়ে দু’কূল ভাসিয়ে নেয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
তারা জানান, ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে রাজ্যের ১৭টি জেলার প্রায় সাড়ে চারশ গ্রাম ডুবে গেছে, পাশাপাশি বন্যপ্রাণীর অভয়ারণ্যগুলোর বিশাল অংশ তলিয়ে গেছে।
পানি কমতে শুরু করেছে জানিয়ে আসামের পানি সম্পদমন্ত্রী পিযুষ হাজারিকা বলেন, “বন্যার প্রথম ধাক্কা শুরু হয় এক পক্ষকাল আগে, তারপর থেকে এ পর্যন্ত বিভিন্ন স্থানে পানিতে ডুবে আটজনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ বন্যা কবলিত ১৭টি জেলায় ৮৫টি ত্রাণশিবির স্থাপন করেছেন। এসব শিবিরে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।
মরিগাঁও জেলার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর বার্তা সংস্থা এএনআইকে বলেন, “খাবারের ব্যবস্থা করতে খুব কষ্ট হচ্ছে। লোকজন বাজারে যেতে চাইলেও রাস্তা ডুবে থাকায় তারা সমস্যায় পড়ছেন। ফসলও তলিয়ে গেছে।”
আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রায় অর্ধেক কোমড় সমান পানিতে তলিয়ে গেছে। এই উদ্যানটি বিরল একশৃঙ্গী গন্ডারের আবাস। এতে গন্ডার, হাতি ও হরিণ উঁচু সড়কে ও মানুষের বসতিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আরও খবর:
