২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উত্তরাখণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশসহ ১৫ জনের মৃত্যু

রাজ্যটির চামোলি জেলায় অলকানন্দা নদীর ‘নমামি গঙ্গে’ প্রজেক্টের একটি সেতুতে এ ঘটনা ঘটে।

ভারতের উত্তরাখণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশসহ ১৫ জনের মৃত্যু

ছবি: এএনআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 02:35 PM

Updated : 19 Jul 2023, 04:05 PM

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর একটি সেতু বিদ্যুৎতায়িত হয়ে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন মারা গেছেন। 

মঙ্গলবার গভীর রাতে রাজ্যটির চামোলি জেলায় অলকানন্দা নদীর একটি সেতুতে এ ঘটনা ঘটে। সেতুটি ‘নমামি গঙ্গে’ প্রজেক্টের একটি অংশ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এই প্রকল্পের কাজ চলাকালেই ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে। সেতুর একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় ঘটে এই দুর্ঘটনা।

এ ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২১ জন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর ১৫ জনের মৃত্যু হয়।

উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমার বলেছেন, “পুলিশের একজন উপপরিদর্শক ও তিন প্রহরীসহ ১৫ জন বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।” 

বুধবার চামোলির পুলিশ সুপার প্রমেন্দ্র ডোভাল জানিয়েছেন, আগের দিন রাতে ঘটনাটি ঘটেছে। 

তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিরাপত্তা রক্ষী মারা গেছেন, ওই গ্রাম থেকে আসা একটি কলে এমন খবর পাই আমরা। পুলিশ সদস্যরা গ্রামবাসীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন হাসপাতালে মারা যান, বাকিদের অবস্থাও সঙ্কটজনক।”

হতাহতদের অধিকাংশই প্রকল্পে কাজ করা শ্রমিক। নিহত পুলিশের উপরিদর্শক পিপালকোটি ফাঁড়ির ইনচার্জ ছিলেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।