ভারতে ১৯ শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার ২ আসামি খালাস
খালাস পাওয়া দুই আসামি এর আগে দোষীসাব্যস্ত হয়েছিলেন এবং একজনের মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল।
দিল্লির নয়ডায় ঘটে যাওয়া বহুল আলোচিত নিঠারি হত্যা মামলায় খালাস পেয়ে গেলেন প্রধান অভিযুক্ত সুরিন্দর কোলি ও তার ব্যবসায়ী মালিক আরেক অভিযুক্ত মনিন্দর সিং পান্ধার।
সোমবার এলাহাবাদ হাই কোর্ট যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযুক্তদের অন্তত ১২ মামলায় নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস দেন। অথচ এই ১২টি মামলার মধ্যে দুটিতে এর আগে সুরিন্দরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সোমবারের রায়ে তার সেই মৃত্যুদণ্ডও বাতিল করা হয়েছে।
পুরো রায় এখনো আদালত থেকে প্রকাশ করা হয়নি বলে তাদের আইনজীবীর বরাত দিয়ে জানায় বিবিসি।
যা ঘটেছে:
২০০৬ সালে দিল্লির অভিজাত এলাকা নয়ডায় মনিন্দরের বাড়ির সামনের নর্দমায় ব্যাগের ভেতর মানবদেহাংশ এবং শিশুদের জামাকাপড় পাওয়া যায়। তা নিয়ে তদন্ত করতে গিয়ে হাড়হিম করা এক ধারাবাহিক হত্যাকাণ্ডের খবর বেরিয়ে আসে।
জানা যায়, এ ঘটনায় অন্তত ১৯ নারী ও শিশুকে ধর্ষণ ও হত্যার পর তাদের দেহ টুকরো করে মাটিচাপা দেওয়া হয়।
সুরেন্দর ও মনিন্দরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে বাড়ির আশেপাশে তাদের দেখিয়ে দেওয়া জায়গা থেকে আরো কিছু দেহাংশ উদ্ধার করে পুলিশ।
সে সময় অভিযোগপত্রে পুলিশ বলেছিল, মনিন্দরের বাড়িতেই ওইসব হত্যাকাণ্ড হয়েছে। যেখানে সুরিন্দর ছিল তার চাকর।
সুরিন্দরই চকলেট ও মিষ্টির লোভ দেখিয়ে শিশুদের বাড়ির ভেতর নিয়ে যেত বলেও অভিযোগপত্রে বলা হয়।
পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে সুরিন্দর স্বীকার করেছে তিনি মানুষের মাংস খেতেন এবং মৃতদেহের সঙ্গে সহবাসে আসক্ত ছিলেন। যদিও আদালতে তিনি তা অস্বীকার করে বলেন, পুলিশ তাকে মারধর করে এই স্বীকারোক্তি আদায় করেছে।
সিবিআই এই দুই ব্যক্তির বিরুদ্ধে ১৯টি মামলা দায়ের করে। যেখানে সুরিন্দরের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ এবং আলামত নষ্টের অভিযোগ আনা হয়। মনিন্দরের বিরুদ্ধে আনা হয় অনৈতিক পাচারের অভিযোগ।
২০০৯ সালে আদালতে তারা দোষী সাব্যস্ত হন এবং সুরিন্দরের মৃত্যুদণ্ডের সাজা হয়।
এ ঘটনা প্রকাশের পর ভারত জুড়ে ক্ষোভের ঝড় উঠেছিল। অনেকে পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগও তোলেন। কারণ, পুলিশ নারী ও শিশুদের নিখোঁজ হওয়ার একাধিক অভিযোগ পেয়েও তাদের খুঁজে বের করতে যথাযথ ব্যবস্থা নেয়নি।
স্থানীয়রা বলেন, যাদের নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছিল তাদের বেশিরভাগই দরিদ্র পরিবারের এবং মনিন্দরের বাড়ির কাছেই নিঠারি বস্তিতে বসবাস করতো তাই পুলিশ ঘটনাগুলোকে পাত্তা দেয়নি।
নিঠারি বস্তির নাম থেকেই এই ঘটনা ‘নিঠারি হত্যাকাণ্ড’ নামে পরিচিত।
আর নয়ডাতে সেই কুখ্যাত বাড়ি এখনও পরিত্যক্ত অবস্থা রয়েছে। যেটি এখন ‘ভূতুড়ে বাড়ি’ নামে পরিচিত। যে বাড়ির আশেপাশে সহসা কেউ যায় না।
