২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পশ্চিমবঙ্গে ২ দফায় বিধানসভা ভোট, দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল ৮ দফায়। এবার তা কমিয়ে ২ দফা করা হয়েছে। ২৩ ও ২৯ এপ্রিল ভোটের দিন ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গে ২ দফায় বিধানসভা ভোট, দিন ঘোষণা করল নির্বাচন কমিশন
মমতা ব্যানার্জি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 07:27 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট হতে যাচ্ছে। এবার ভোট হবে দুই দফায়। জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেছে। ২৩ ও ২৯ এপ্রিল ভোটের দিন ঘোষণা করা হয়েছে। 

 ২০২১ সালে কোভিডের সময় বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল ৮ দফায়। সময় লেগেছিল একমাসের বেশি। কমিশনের সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয় পরবর্তীতে। এবার ভোট ৮ থেকে দফা কমিয়ে ২ দফা করা হয়েছে। 

বিরোধী রাজনৈতিক দলগুলো দফা কমানোর দাবি জানিয়েছিল কমিশনে। সেটিই কার্যত মেনে নিয়েছে কমিশন। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফা ভোট হবে ২৯ এপ্রিল।

 প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে।  আর ভোট গণনা হবে ৪ মে। পশ্চিমবঙ্গ বাদে বাকি চার রাজ্য আসাম, তামিল নাড়ু, কেরালা ও পন্ডিচেরিতে নির্বাচন হবে এক দফাতেই।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি পশ্চিমবঙ্গে গিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন। বাম প্রতিনিধিরা জানান, তারা দুই-এক দফায় ভোট করার আর্জি জানিয়েছেন। 

তবে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কোনও কথা বলেনি। জ্ঞানেশ কুমার বলেন, “কমিশন দফা কমানোর প্রয়োজন আছে বলে মনে করেছে। তাতে সবার সুবিধা হবে।”

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ বলেছেন, “আগে বিরোধীরা চেয়েছিলেন ৮ দফায় ভোট হোক, দেখেছেন কোনও লাভ হয়নি। এবার বলছেন ২ দফায় হোক। এতে তৃণমূলের কিছু যায় আসে না। ভোট দেবে মানুষ। দফা বদলে কিছু হবে না।” 

তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা শমীক ভট্টাচার্যের দাবি, অন্য রাজ্য়ে এক দফায় ভোট হওয়ার পরও পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হওয়া লজ্জার বিষয়।

১৯৭৭ সালের পর ২০২৬ এ ফের দু দফায় ভোট হতে পশ্চিমবঙ্গে। ২০০১ সাল পর্যন্ত ভোট নেওয়া হয়েছিল এক দফায়। এক লাফে পাঁচ দফায় ভোট নেওয়া শুরু হয় ২০০৬ সালে। ২০১১ সালে ভোট হয়েছিল ছয় দফায়। এরপর ২০১৬ ও ২০২১ সালে ভোটগ্রহণ করা হয় যথাক্রমে ৭ ও ৮ দফায়।

পশ্চিমবঙ্গে বিরোধীরা একাধিক দফায় ভোট গ্রহণের দাবি জানিয়ে এসেছে দীর্ঘদিন ধরে। এবারই প্রথম তারা দফা কমিয়ে আনার দাবি পেশ করেছিল কমিশনের কাছে।