২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ঘিরে উত্তেজনা বাড়ছে, ইরাকে দূতাবাস আংশিক খালি করছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছা প্রস্থানে অনুমোদন দিয়েছেন।

ইরান ঘিরে উত্তেজনা বাড়ছে, ইরাকে দূতাবাস আংশিক খালি করছে যুক্তরাষ্ট্র
বাগদাদের কূটনীতিক পাড়া খ্যাত গ্রিন জোন। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 10:25 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র। 

কি কারণে এই দূতাবাস আংশিক খালি করতে হচ্ছে, কর্মকর্তারা সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও ইসরায়েল ইরানে একটি অভিযান শুরু করার জন্য প্রস্তুত বলে বুধবার মার্কিন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে, বিষয়টি সম্বন্ধে অবগত কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যম সিবিএস এ খবর দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের অভিযানের প্রেক্ষিতে তেহরান ইরাকে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন; এ কারণে কিছু আমেরিকানকে ওই অঞ্চল ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে, তার অংশ হিসেবেই জরুরি নয় এমন কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের সরিয়ে নেওয়া হচ্ছে, বলেছেন ওই কর্মকর্তারা।

ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনায় বলার মতো কোনো অগ্রগতি না হওয়ায় সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রকে বেশ হতাশ মনে হচ্ছিল, তার মধ্যেই এ পদক্ষেপের ঘোষণা এল। 

এদিকে মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ রোববার ইরানি কর্মকর্তাদের সঙ্গে ষ্ষ্ঠ দফার বৈঠকে বসার পরিকল্পনায় অটল আছেন, সিবিএসকে এমনটাই বলেছেন ওই কর্মকর্তারা।   

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, “আমরা নিয়মিত আমাদের দূতাবাসগুলোর জনবল সংক্রান্ত অবস্থান পর্যালোচনা করি। সর্বশেষ মূল্যায়নের ভিত্তিতে, আমরা ইরাকে আমাদের মিশনের সদস্য কমানোর সিদ্ধান্ত নিয়েছি।”

বুধবার কেনেডি সেন্টারে হাজির হওয়া ট্রাম্পও ইরান নিয়ে কথা বলেছেন। সাংবাদিকদের তিনি বলেন, “কিছু আমেরিকানকে ওই অঞ্চল ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে কারণ, এটা বিপজ্জনক জায়গা হয়ে উঠতে পারে, দেখা যাক কী হয়।”

পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্র বানাক, যুক্তরাষ্ট্র এমনটা চায় না। 

“আমরা এমনটা হতে দিতে পারি না,” বলেছেন তিনি।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে একসময় বেশ আশাবাদী ছিলেন মার্কিন এ প্রেসিডেন্ট। কিন্তু তার সে প্রত্যাশায় ঘুন ধরেছে। 

বুধবার তিনি বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না বলেই মনে হচ্ছে তার।

দিনকয়েক আগে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ৪০ মিনিট ফোনে কথা বলেছেন। দুই নেতার ওই কথোপকথন ‘তীব্র উত্তেজনাপূর্ণ’ ছিল বলে জানানো হয়েছে।

নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানকে মোকাবেলায় কূটনীতির বদলে সামরিক পদক্ষেপের ওপর জোর দিয়ে আসছিলেন।  

ইসরায়েলি প্রধানমন্ত্রীর ইচ্ছাই কী বাস্তবায়িত হতে যাচ্ছে, না কি পরমাণু আলোচনা থমকে থাকায় ওয়াশিংটন ইরাক দূতাবাস আংশিক খালি করে তেহরানকে ভয় দেখাচ্ছে, তা এখনই বোঝা যাচ্ছে না।

এদিকে ইরানি প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেছেন, পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প যদি ইরানে সামরিক হামলার নির্দেশ দেন তাহলে তেহরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করা আমেরিকান সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছা প্রস্থানে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

ইরান পরমাণু অস্ত্রের মতো কিছু একটা বানানোর দিকেই যে অগ্রসর হচ্ছে, ‘তার নানা ইঙ্গিত মিলছে’ বলে বুধবার কংগ্রেসের এক শুনানিতে দেওয়া সাক্ষ্যে হিগসেথ বলেছেন বলে জানিয়েছে পেন্টাগন। 

যদিও ইরান বলছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরিই বেসামরিক এবং তারা পারমাণবিক বোমা বানানোর চেষ্টাও করছে না। 

বুধবার যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর আওতাধীন সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনস সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা পণ্য পরিবহনে প্রভাব ফেলতে পারে।