২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতে হিজবুল্লাহর সামরিক নেতার ওপর ইসরায়েলের হামলা

লেবাননে কয়েক মাসের মধ্যে প্রথম রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নিশানা ছিল হিজবুল্লাহর চিফ অব স্টাফ আলি তাবতাঈ।

বৈরুতে হিজবুল্লাহর সামরিক নেতার ওপর ইসরায়েলের হামলা
বৈরুতে ইসরায়েলের হামলাস্থলে লেবাননের সেনারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 11:55 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

লেবাননে কয়েক মাসের মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গ করে প্রথম রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লক্ষ্য ছিল হিজবুল্লাহ গোষ্ঠীর এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।

এই কর্মকর্তা হচ্ছেন হিজবুল্লার চিফ অব স্টাফ। তার নাম তাবতাঈ বলে উল্লেখ করেছে ইসরায়েলের গণমাধ্যম। বলা হচ্ছে, তিনি ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সেকেন্ড ইন কমান্ড।

তাকেই নিশানা করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। জনবসতিপূর্ণ দাহিয়ে জেলায় একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে তাবতাঈ আছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হিজবুল্লাহ তাদের এক ঊর্ধ্বতন কমান্ডারকে নিশানা করে হামলা হওয়ার কথা নিশ্চিত করে জানালেও তার পরিচয় জানায়নি।

গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চেষ্টায় হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও লেবাননে হমলা চালিয়ে আসছে ইসরায়েল। এর মধ্যে রোববার রাজধানী বৈরুতে হামলা এটিই প্রথম। এর আগে সর্বশেষ গত জুলাইয়ে বৈরুতে হামলা চালিয়েছিল ইসরায়েল। 

ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা আবার গড়ে তোলার চেষ্টা করছে। তারা লেবাননে অস্ত্র পাচার করছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসাবে বিস্ফোরক ড্রোন বানানো বাড়াচ্ছে বলে অভিযোগ ইসরায়েলের।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলকে হামলা থামাতে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ লেবাননে অন্তত ৫ টি স্থান দখর করে রেখেছে ইসরায়েল। সেখান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট জোসেফ।