চীনের সীমান্তের কাছে ভারতের ‘নতুন বিমান ঘাঁটি’
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়ে ওঠার মধ্যেই এই বিমান ঘাঁটি উদ্বোধন করা হল।
হিমালয়ের বিরোধপূর্ণ চীন সীমান্তের কাছে ভারত একটি নতুন বিমান ঘাঁটি উদ্বোধন করেছে বলে দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। এই বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান উঠানামা করতে পারবে।
বৃহস্পতিবার বার্তা সংস্থাটিকে তিনি জানান, ভারতীয় বিমান বাহিনীর প্রধান একটি পরিবহন বিমানে করে অবতরণের মাধ্যমে বিমান ঘাঁটিটির উদ্বোধন করেন।
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়ে ওঠার মধ্যেই এই বিমান ঘাঁটি উদ্বোধন করা হল। গত বছরের অক্টোবরে মাইলফলক এক চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের বিরাজমান সীমান্তে সামরিক উত্তেজনা হ্রাস করার বিষয়ে সমঝোতা করে। চলতি বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের মধ্য দিয়ে সম্পর্ক আরও এগিয়ে গেছে।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা জানান, লাদাখের মুধ-ন্যোমা এলাকার বিমান ঘাঁটিটিতে বুধবার একটি সি-১৩০জে পরিবহন বিমানে করে অবতরণ করেছেন বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল এ. পি. সিং। বিমান ঘাঁটিটি সমুদ্র পৃ্ষ্ঠ থেকে প্রায় ৪০০০ মিটার (১৩ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের জানানো অনুরোধে ভারতীয় বিমান বাহিনী ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এই নতুন বিমান ঘাঁটিটি চীনের সঙ্গে বিদ্যমান লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) থেকে মাত্র ৩০ কিলোমিটার (১৯ মাইল) ভেতরে। এটি ওই অঞ্চলে এ ধরনের তৃতীয় বিমান ঘাঁটি।
ভারতীয় বিমান বাহিনীর সাবেক এয়ার মার্শাল সঞ্জীব কাপুর এক্সে প্রতিবেশী চীন ও পাকিস্তানকে ইঙ্গিত করে লিখেছেন, “লাদাখের এই নতুন বিমানক্ষেত্র যুদ্ধবিমানের অভিযান পরিচালনা করতে সক্ষম। এটি আমাদের উভয় প্রতিপক্ষের জন্য একটি চ্যালেঞ্জ যোগ করেছে।”
একই উচ্চতায় চীনেরও একটি বিমানক্ষেত্র আছে বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় বিশ্লেষক ও কর্মকর্তারা জানিয়েছেন, চীন ও ভারতের মধ্যে আগে চেয়ে সম্পর্ক উষ্ণ হলেও অবিশ্বাস রয়েই গেছে। চলতি বছর ভারতের সেনাবাহিনীর প্রধান ইঙ্গিত দেন যে তারা উভয় দিকের সীমান্তে সেনা উপস্থিতি আরও জোরদার করা এবং অবকাঠামো নির্মাণ চালিয়ে যাবেন।
চীন ও ভারতের মধ্যে ৩৮০০ কিলোমিটার (২৪০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে। এর অনেক অংশই পরিষ্কারভাবে চিহ্নিত নয়। ১৯৫০ এর দশক থেকেই এই সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ চলছে। ১৯৬২ সালে তারা একটি সংক্ষিপ্ত কিন্তু নৃশংস যুদ্ধে জড়িয়েছিল।
এরপর ২০২০ সালে এক প্রাণঘাতী সীমান্ত সংর্ঘের ঘটনায় দুই দেশের সম্পর্ক আবার তিক্ত হয়ে ওঠে। তবে ২০২৪ সালে দুই দেশের মধ্যে এক চুক্তির মাধ্যমে এই তিক্ততার অবসান হয় এবং সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করার মতো কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
