২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ মৃত্যু, আহত ৩৫

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের মাত্র এক মাসের কিছু বেশি সময় আগে মাউন্টেন বি নাইটক্লাবটি চালু হয়েছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2022, 09:56 AM

Updated : 05 Aug 2022, 10:00 AM

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণপূর্বের চুনবুড়ি প্রদেশে একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবারের এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা কর্নেল উথিপং সোমজাই টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইট ক্লাবে স্থানীয় সময় রাত ১টার দিকে আগুন লাগে, এতে হতাহতরা সবাই থাই নাগরিক।

তিন ঘণ্টা পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থল ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে। যাদের মৃত্যু হয়েছে তাদের চার জন নারী ও বাকি নয় জন পুরুষ।

উদ্ধারকারী বিভাগের পোস্ট করা ভিডিও ফুটেজে নাইটক্লাবটিতে আসা লোকজনকে আর্তচিৎকার করে পালাতে দেখা গেছে, তাদের পরনের কাপড়ে আগুন জ্বলছিল, পেছনে বিশাল একটি আগুন ক্লাবটিকে গ্রাস করে নিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের মাত্র এক মাসের কিছু বেশি সময় আগে মাউন্টেন বি নাইটক্লাবটি চালু হয়েছিল।

এক তলা এ ক্লাবটি সুপরিচিত সুখুমভিত সড়কের ওপর অবস্থিত। এই সড়কটি ব্যাংককের সঙ্গে অবকাশযাপন শহর পাতাইয়াকে সংযুক্ত করেছে। ক্লাবটির আশপাশে অনেক হোটেল ও বার আছে।