২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুকুশিমা পরিকল্পনা: জাপানি খাবার আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রাখছে চীন

জাপানের অন্যান্য স্থান থেকে আসা খাবারের তেজস্ক্রিয়তা পরীক্ষা করারও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে চীনের কাস্টমস কর্তৃপক্ষ।

ফুকুশিমা পরিকল্পনা: জাপানি খাবার আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রাখছে চীন

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 08:01 PM

Updated : 07 Jul 2023, 08:03 PM

জাপানে ভূমিকম্প ও সুনামিতে ধ্বংস হয়ে যাওয়া ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পানি শোধন করে সমুদ্রে ফেলার বিতর্কিত পরিকল্পনার কারণে চীন কিছু জাপানি খাবারে আরোপ করা নিষেধাজ্ঞা বহাল রাখবে বলে জানিয়েছে।

নিরাপত্তাজনিত কারণে জাপানের অন্যান্য স্থান থেকে আসা খাবারের তেজস্ক্রিয়তা পরীক্ষা করারও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে চীনের কাস্টমস কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়াও জাপানি খাবারে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তবে তারা বলছে, জাপানের তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার প্রস্তাব আন্তর্জাতিক মানদন্ডে উত্তীর্ণ হয়েছে।

জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার (আইএইএ) জাপানকে ফুকুশিমার পরিশোধিত তেজষ্ক্রিয় পানি সাগরে ফেলার অনুমতি দিয়েছে। শুক্রবার জাপানের ফুকুশিমা কেন্দ্র পরিচালনাকারী কোম্পানি টেপকোও একই অনুমতি দিয়েছে।

চীন, দক্ষিণ কোরিয়া এবং স্থানীয় কিছু অধিবাসী আগে থেকেই এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে আসছিল। জাপানের জেলে এবং সামুদ্রিক খাবার ব্যবসায় নিয়োজিতরা-সহ ব্যাপক অঞ্চলজুড়ে মানুষ জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, তেজস্ক্রিয় পানি সাগরে ফেললে অনেকে সামুদ্রিক খাবার কেনা বন্ধ করে দেবে।

জাপানের প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তারা জাপানের বিরুদ্ধে মহাসাগরকে তাদের ‘ব্যক্তিগত নর্দমা’ হিসাবে ব্যবহারের অভিযোগ করেছে।

চীনের কাস্টমস কর্তৃপক্ষ বলেছে, তারা অনেক বেশি মাত্রায় সতর্ক থাকবে। চীন ১২ বছর আগে ২০১১ সালে জাপানি খাবার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ওই বছর ১১ মার্চ ভয়াবহ এক ভূমিকম্প এবং এ থেকে সৃষ্ট সুনামির বিশাল জলোচ্ছ্বাসে জাপানের ফুকুশিমায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির চারটি পারমাণবিক চুল্লি প্লাবিত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ফুকুশিমার ওই বিপর্যয়কে তুলনা করা হয় ইউক্রেইনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার সঙ্গে। দুটি বিপর্যয়েই প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবন বিপন্ন হওয়ায় আশেপাশের এলাকা থেকে লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়। চীন এর পরিপ্রেক্ষিতেই জাপানি খাবারে নিষেধাজ্ঞা দিয়েছিল।

ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার বিষয়টি প্রথম ২০২১ সালের অনুমোদন করে জাপান সরকার। সেসময় জাপান সরকার বলেছিল, তেজস্ক্রিয় ১০ লাখ টন পানি শোধন করে পর্যায়ক্রমে সাগরে ফেলা হবে।

তবে পানি কবে ফেলা হবে সে ব্যাপারে কোনও ঘোষণা এখনও দেয়নি জাপান।