২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে লিয়াজোঁ অফিস খুলবে নেটো

রাশিয়া এবং চীনের নানা চ্যালেঞ্জের মুখে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলোর সঙ্গে নেটোর আলোচনার দ্বার খুলবে এই লিয়াজোঁ অফিস।

জাপানে লিয়াজোঁ অফিস খুলবে নেটো

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 03 May 2023, 08:22 PM

Updated : 03 May 2023, 08:22 PM

জাপানে লিয়াজোঁ অফিস খোলার পরিকল্পনা করছে পশ্চিমা সামরিক জোট নেটো। এশিয়ায়  এটিই তাদের প্রথম কোনও কার্যালয়। অঞ্চলটিতে আলোচনার পথ সুগম করতে এ অফিস খোলা হচ্ছে।

জাপানি ও নেটো কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার নিক্কিই এশিয়া এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, রাশিয়া এবং চীনের ভূরাজনৈতিক চ্যালেঞ্জের কথা মাথায় রেখে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো নিরাপত্তা অংশীদার দেশগুলোর সঙ্গে নেটোর আলোচনার পথ সুগম করবে এই লিয়াজোঁ অফিস।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য নেটো এবং জাপানি পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রদেরকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রস্তাবিত এই লিয়াজোঁ অফিস জাপানের টোকিওতে খোলা হবে আগামী বছর। তবে এ অফিস খোলার জন্য জাপান জায়গা দেবে কিনা কিংবা অফিস স্থাপনের জন্য নেটো তহবিল দেবে কিনা- এইসব বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে নিক্কিই এশিয়া।

নিউ ইয়র্ক, ভিয়েনা, ইউক্রেইন এবং অন্যান্য অনেক স্থানেই নেটোর এমন লিয়াজোঁ অফিস আছে।

নেটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ গত জানুয়ারিতে জাপান সফর করেন। সেই সফরে রাশিয়ার ইউক্রেইন আগ্রাসন এবং চীনের সামরিক শক্তির উত্থানের কথা উল্লেখ করে ‘ঐতিহাসিক’ নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

নিক্কিই এশিয়া জানায়, সাইবার হামলার হুমকি, অনিষ্টকারী প্রযুক্তি এবং ভ্রান্ত তথ্য মোকাবেলায় জাপান এবং নেটো সহযোগিতা জোরদারের চেষ্টা করছে। জুলাইয়ে নেটো সম্মেলনের আগেই দুই দেশ আলাদাভাবে একটি উপযোগী অংশীদারিত্ব কর্মসূচি সংক্রান্ত চুক্তি সইয়ের লক্ষ্য নিয়ে এগুচ্ছে।