২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

ইসরায়েলি সামরিক বাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের নিহত এই সেনার বাড়ি যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেনে।

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩
লেবাননে নিহত এক ইসরায়েলি সেনার মৃতদেহ কবরস্থানে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা। ছবি: টাইমস অব ইসরায়েল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 11:09 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তাদের এক সেনা নিহত ও আরও তিনজন আহত হয়েছে। 

ইসরায়েলি বাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের নিহত এই সেনার বয়স ২২ বছর আর তার বাড়ি যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেনে, জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

আহত অপর তিন সেনার আঘাত তেমন গুরুতর নয় বলে দাবি করেছে আইডিএফ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার আইডিএফ জানিয়েছে, হতাহত সেনাদের পরিবারকে তাদের পরিণতির বিষয়ে অবহিত করা হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পর এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়লে মার্চের প্রথম দিকে থেকে তেল আবিবের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়। এরপর মার্চের মাঝামাঝি দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 

তারপর থেকে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হল। আহত হয়েছে আরও বহু সেনা। 

এর আগে শনিবার আইডিএফ জানিয়েছিল, শুক্রবার ও শনিবার রাতভর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে তাদের সেনাদের লড়াই হয়েছে। এ লড়াইয়ে ৯ ইসরায়েলি সেনা আহত হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

শুক্রবার হিজবুল্লাহ যোদ্ধাদের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ইসরায়েলি সেনা আহত হয়। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর ছিল। এরপর রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় এক কর্মকর্তাসহ সাত ইসরায়েলি সেনা আহত হয়। ওই কর্মকর্তার আঘাত গুরুতর বলে জানিয়েছে আইডিএফ। 

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে যুদ্ধরত অবস্থায়ই ইসরায়েলের বিভিন্ন শহর ও সেনা ঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। শুক্রবার হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে প্রায় ২৫০টি রকেট নিক্ষেপ করেছে বলে আইডিএফ জানিয়েছে। হিজবুল্লাহর এসব রকেট হামলায় ইসরায়েলের ভেতরেও নিয়মিত হতাহতের ঘটনা ঘটছে। 

আরও পড়ুন: ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, আহত বহু