বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার নিহত: ইসরায়েল
ইসরায়েলি হামলায় সবমিলিয়ে ৬৩৯ জন নিহত হয়েছে।
ইসরায়েলের শুক্রবারের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইহুদি দেশটির সামরিক বাহিনী।
তাদের ভাষ্য, নিহত আমিন পোর জোদাখি বিপ্লবী গার্ড বাহিনীর দ্বিতীয় ইউএভি (ড্রোন) ব্রিগেডের দায়িত্বে ছিলেন বা নেতৃত্ব দিচ্ছিলেন। ইসরায়েল আক্রমণ শুরু করার পর জোদাখি শীর্ষ পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।
আল জাজিরা লিখেছে, ইরানের ড্রোন প্রযুক্তি এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ, যদিও সেগুলোর সামরিক প্রভাব সীমিত। কারণ বেশিরভাগই গুলি করে ভূপাতিত করা হয়েছে।
তবুও এগুলো শনাক্ত, অনুসরণ এবং ধ্বংস করতে অনেক সম্পদ ও জনবল ব্যবহার করতে হচ্ছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ২৫ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছে।
অন্যদিকে ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছে।
