Published : 22 Jun 2026, 01:23 PM
লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে কেন্দ্র করে ইরান হরমুজ প্রণালি ফের বন্ধ করার ঘোষণা দেওয়ার পর বিশ্বের তেল, গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথটিতে নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জাহাজ চলাচলের তথ্য থেকে জানা গেছে।
সামুদ্রিক গোয়েন্দা কোম্পানি উইনওয়ার্ড রোববার যে বিশ্লেষণ হাজির করেছে তার ভিত্তিতে আল জাজিরা জানায়, আগেরদিন ৩৫টা জাহাজ প্রণালি পার হলেও রোববার সেটি নেমে ১২টি দাঁড়ায়। আর আটটা জাহাজের মধ্যে পাঁচটা তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি (এআইএস) বন্ধ করে প্রণালিটিতে প্রবেশ করেছিল।
এক্স এ এক পোস্টে উইনওয়ার্ড বলেছে, “বর্তমান জাহাজ চলাচলের চিত্র হল: অন্ধকারাচ্ছন্ন, নিষেধাজ্ঞাকবলিত, ইরান-সংশ্লিষ্ট, যা একটি কার্যকর উন্মুক্ত প্রণালির চেয়ে পূর্ববর্তী অবরোধকালীন পরিস্থিতির সঙ্গে সাযুজ্যপূর্ণ।”
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ অবসানে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া শুরু করেছিল।
বৃহস্পতিবার ২৫টি জাহাজ প্রণালিটি পাড়ি দিয়েছিল, যা মধ্য এপ্রিলের পর থেকে সর্বোচ্চ বলে জানিয়েছে আরেক সামুদ্রিক গোয়েন্দা তথ্যদাতা কোম্পানি কেপালার।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড শনিবার লেবাননে ইসরায়েলের ‘অপরাধ’ কথা উদ্ধৃত করে যুক্তরাষ্ট্র দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর করতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
ইরান প্রণালিটি বন্ধ করে দিয়েছে, এ বিষয়টি শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কামন্ড (সেন্টকম) অস্বীকার করে। সেন্টকম দাবি করে, প্রণালিটিতে নিরাপদ যাত্রাপথ ‘বজায়’ আছে আর এদিন ৫৫টি বাণিজ্যিক জাহাজ জলপথটি পার হয়েছে।
আল জাজিরা বলেছে, সেন্টকম ও বাণিজ্যিক জাহাজের চলাচল অনুসরণকারী সামুদ্রিক গোয়েন্দা কোম্পানিগুলোর তথ্যের এই গরমিলের কারণ পরিষ্কার হয়নি।