২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সিটিতে বন্ধ হল হাসপাতাল, নগরীর আরও ভেতরে ঢুকেছে ট্যাংক

কয়েক দিন আগে ইসরায়েলের বোমায় গাজা সিটির আল-রান্তিসি শিশু হাসপাতালের মারাত্মক ক্ষতি হয়েছে। কাছেই একটি চক্ষু হাসপাতালও হামলার কারণে বন্ধ হয়েছে।

গাজা সিটিতে বন্ধ হল হাসপাতাল, নগরীর আরও ভেতরে ঢুকেছে ট্যাংক
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 11:40 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের স্থল হামলা জোরদার হওয়ায় এবং টানা বোমাবর্ষণের কারণে গাজা সিটির দুটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 

ইসরায়েলের ট্যাংক নগরীর আরও ভেতরে অগ্রসর হওয়ার মধ্যে এ খবর এল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আল-রান্তিসি শিশু হাসপাতাল কয়েক দিন আগে ইসরায়েলের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তাছাড়া, কাছের একটি চক্ষু হাসপাতালের আশপাশে ইসরায়েলের হামলার কারণে সেখানকার সেবাও বন্ধ হয়ে গেছে। মন্ত্রণালয়ের অভিযোগ, “দখলদার বাহিনী (ইসরায়েল) পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যখাতকে লক্ষ্যে পরিণত করছে, যা গণহত্যামূলক নীতিরই অংশ।”

আরও বলা হয়, “কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের নিরাপদ প্রবেশপথ নেই; ফলে রোগী ও আহতদের সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না।” ইসরায়েল হামলার খবর সম্পর্কে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েল গাজা সিটিকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে বর্ণনা করছে। চলতি মাসের শুরুতে নগরীটিতে স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে সেনারা আবাসিক ব্লক ধ্বংস করছে; যেগুলো তারা দাবি করে, হামাস ব্যবহার করছিল।

সোমবার স্থানীয়রা জানান, ইসরায়েলি ট্যাংক শেইখ রাদওয়ান এলাকা ও উত্তরের জালা স্ট্রিটে আরও গভীরে প্রবেশ করেছে, যেখানে ওই দুটি হাসপাতাল অবস্থিত। দক্ষিণ-পূর্বের তেল আল-হাওয়া থেকেও ট্যাংক পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে।

গাজা সিটির বাসিন্দারা বলেছেন, ইসরায়েলি বাহিনী রিমোট-কন্ট্রোল দিয়ে বিস্ফোরকভর্তি যানের বিস্ফোরণ ঘটিয়ে এসব এলাকায় ডজন ডজন বাড়ি উড়িয়ে দিয়েছে।

সোমবার তেল আবিবে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল, অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং গাজাকে আর ইসরায়েলের জন্য হুমকি না থাকতে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

অভিযান নিয়ে গাজায় এখনও আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে। ৪৮ জন বন্দির মধ্যে ২০ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে।

ওদিকে, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সারাদিনে ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই গাজা সিটির।