আজ মুক্ত বিবেকের জেগে ওঠার দিন: ইরানি চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি
“আজ এমন এক দিন, যেদিন স্বাধীনচেতা মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং মানুষের মর্যাদার পক্ষে কথা বলে।”
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অন্যায় ও অবিচারের’ বিরুদ্ধে বিশ্বের চিন্তাবিদ, মুক্তমনা মানুষ, লেখক ও শিল্পীদের উচ্চকণ্ঠ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি।
‘কালার অব প্যারাডাইস’ ও ‘চিলড্রেন অব হ্যাভেন’ চলচ্চিত্রের এই নির্মাতা বুধবার এক বার্তায় এ আহ্বান জানান।
সতীর্থদের উদ্দেশে মাজিদ মাজিদি বলেন, “ইতিহাস সাক্ষ্য দেবে, দৃঢ় সংকল্প, ঐক্য ও সংহতির মাধ্যমে একটি জাতি কীভাবে বৈশ্বিক বিশাল চাপের মুখেও প্রতিরোধ গড়ে তুলেছিল।
“এই কারণে, বিশ্বের চিন্তাবিদ, মুক্তমনা মানুষ, লেখক ও শিল্পীদের দায়িত্ব হল মানুষের কষ্টের সামনে নীরব না থাকা এবং তাদের কলম, চিন্তা ও শিল্পের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও মানব মর্যাদার পক্ষে দাঁড়ানো। আজ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তাদের নৈতিক ও মানবিক দায়িত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে।”
ইরানের পক্ষে সমর্থনের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশের বহু মানুষের হৃদয় ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে; কেননা স্বাধীনতা, মর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া ছাড়া আর কিছুই এ জাতি দাবি করেনি।
“আজ জাগরণের দিন, বিশ্বব্যাপী মুক্ত বিবেকের জেগে ওঠার দিন; আজ এমন এক দিন, যেদিন স্বাধীনচেতা মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং মানুষের মর্যাদার পক্ষে কথা বলে।”
ঢাকায় ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের পাঠানো ওই বার্তায় মাজিদ মাজিদি বলেন, “আজ মহান ইরান, বিশ্বের সকল নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষ থেকে, শিশু হত্যাকারী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সরকারের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিরোধ করছে। আজকের যুদ্ধ সত্য ও অসত্যের মধ্যে এক সংগ্রাম।”
তিনি লিখেছেন, “এই লড়াইয়ের রণাঙ্গন কেবল সামরিক ময়দানেই সীমাবদ্ধ নয়, বরং তা বিস্তৃত হয়েছে অসহায় মানুষের ঘরবাড়ি, হাসপাতাল এবং সেইসব শিশুদের বিদ্যালয় পর্যন্ত, যাদের আশা ছাড়া আর কোনো আশ্রয় নেই।”
ইরানের প্রতিরোধ লড়াই চালিয়ে যাওয়ার কথা তুলে ধরে মাজিদ মাজিদি বলেন, “সব ধরনের সহিংসতা ও চাপ সত্ত্বেও, ইরানের জনগণ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে; এই পথের নেতৃত্বদানকারী ব্যক্তিদের থেকে শুরু করে নিষ্পাপ স্কুলপড়ুয়া শিশুদের পর্যন্ত—সকলেই এমন এক জাতির প্রতিরোধের কাহিনীর অংশ, যারা চাপের মুখে মাথা নত করেনি।”
তিনি লিখেছেন, “বিশ্বের বড় শক্তিগুলো তাদের সমস্ত ক্ষমতা নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাতে এবং এই অঞ্চলের সম্পদ ও ধনসম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে, তাদের আধিপত্য বিস্তার করতে। তবে, এই দিনগুলোতে, ইরানের জনগণ ও যোদ্ধাদের প্রতিরোধ দেখিয়েছে যে, একটি জাতির ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তিগুলোর বিরুদ্ধেও দাঁড়াতে পারে।”
