পানশালায় অগ্নিকাণ্ড: মারাত্মকভাবে দগ্ধ মৃতদেহ শনাক্তে হিমশিম সুইজারল্যান্ড
মরদেহগুলো চেনার উপায় না থাকায় ডিএনএ এবং দাঁতের নমুনা পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, মৃতদের নাম এবং নিহতের সঠিক সংখ্যা জানাতে সময় লাগবে।
সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট ক্রানস-মন্টানার একটি পানশালায় নববর্ষের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়। মৃতদেহগুলো এতটাই মারাত্মকভাবে পুড়ে গেছে যে, সেগুলো শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে তদন্তকারীদের।
মরদেহগুলো চেনার উপায় না থাকায় শুক্রবার থেকে ডিএনএ এবং দাঁতের নমুনা পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের কাজ শুরু করেছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ বলেছে, মৃতদের নাম-পরিচয় এবং কতজন নিহত হয়েছে সেই সংখ্যা সঠিকভাবে জানাতে সময় লাগবে।
গত বুধবার রাতে ‘লা কনস্টেলেশন’ নামক পানশালায় যখন অগ্নিকাণ্ড ঘটে, তখন সেখানে নববর্ষের উৎসবে মেতেছিল শত শত তরুণ-তরুণী। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয় আরও ১১২ জন, যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
স্কি রিসোর্ট ক্রানস-মন্টানার মেয়র নিকোলাস ফেরাউদ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, মরদেহগুলো এত ভয়াবহভাবে পুড়ে গেছে যে সবার নাম পরিচয় নিশ্চিত করতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।
ভালাইস ক্যান্টন সরকারের প্রধান ম্যাথিয়াস রেনার্ড বলেন, “পরিবারগুলোকে কোনও তথ্য দেওয়ার আগে আমাদের শতভাগ নিশ্চিত হতে হবে। এ কারণেই বিশেষজ্ঞ দল ডিএনএ এবং ডেন্টাল রেকর্ড ব্যবহার করে কাজ করছেন।”
সুইস কর্মকর্তারা নিহতের সংখ্যা ৪০ জন মতো বললেও, ইতালি সুইস কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪৭ বলে জানিয়েছে। ইতালি ও ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বেশ কিছু নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন।
ইতালীয় রাষ্ট্রদূত জিয়ান লরেঞ্জো কর্নাডো জানিয়েছেন, আহত ১১২ জনের মধ্যে পাঁচজন ছাড়া বাকিদের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি জানান, ৬ ইতালি নাগরিক এখনও নিখোঁজ এবং ১৩ জন হাসপাতালে আছে। তাছাড়া, আহতদের মধ্যে আছে এক অস্ট্রেলীয় নাগরিকও।
বার্তা সংস্থা রযটার্স জানায়, নিহতদের মধ্যে প্রথম একজনের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে শুক্রবার। তিনি ১৬ বছর বয়সী এক ইতালীয় গল্ফ খেলোয়াড় এমানুয়েলে গালেপ্পিনি, যিনি দুবাইয়ে থাকতেন বলে জানানো হয়েছে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার ক্রানস-মন্টানা সফর করবেন বলে জানা গেছে। ১৬ বছর বয়সী এক কিশোরের মা জানান, তিনি ৩০ ঘণ্টা ধরে ছেলের খোঁজ করছেন। ছেলে বেঁচে আছে না মরে গেছে তা তিনি জানতে চান।
এই মা বলেন, “আমার ছেলে যদি হাসপাতালে থেকে থাকে তাহলে কোন হাসপাতালে আছে আমি জানি না। যদি সে মর্গে থেকে থাকে তাহলে কোন মর্গে আছে তা আমি জানি না। ছেলে বেঁচে থাকলে সে একাই হাসপাতালে আছে। আমি তার পাশে থাকতে পারছি না।”
পানশালায় অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে সুইস কর্তৃপক্ষ একে বড় ধরনের দুর্ঘটনা বলেই মনে করছে। বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে ধারণা করা হচ্ছে, নববর্ষের উৎসবে ব্যবহৃত আতশবাজি বা ‘স্পার্কলিং ক্যান্ডেল’ সিলিংয়ের সংস্পর্শে এলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এই শোকাবহ ঘটনায় সুইজারল্যান্ডে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পানশালার দিকে যাওয়ার রাস্তায় ফুল ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
১৭ বছর বয়সী এলিসা সুসা বলেন, “আমারও সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু পরিবারের চাপে যাওয়া হয়নি। এই অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে যাওয়ার জন্য মায়ের কাছে আমি কৃতজ্ঞ।”
