Published : 24 Jul 2022, 10:02 AM
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফর্সে টানা বৃষ্টির পর দেখা দেওয়া বন্যায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ জন।
ফার্স প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বন্যা দুর্গত এলাকায় অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছেন।
খলিল আবদুল্লাহি জানান, এস্থাবানের সুলতান শাহবাজ গ্রামের কাছে তুমুল বৃষ্টির পর বাঁধ উপচে পানি প্রবেশ করে লোকালয়ে। হঠাৎ বন্যায় ১৫টি গাড়ি ডুবে যায়; ৫৫ জনকে উদ্ধার করা হলেও অনেকে ভেসে যান।
ফার্স প্রদেশের রাজধানী সিরাজের প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণে এস্থাবানের অবস্থান। বন্যায় হতাহতের এ ঘটনায় ফার্স প্রদেশের গভর্নর রোববার শোক ঘোষণা করেছেন।
পুরনো খবর