২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৯

মধ্যাঞ্চলীয় রাজ্য সাকাতেকাসে ঘটা এ দুর্ঘটনার হতাহতদের মধ্যে কোনো অভিবাসন প্রত্যাশী ছিল না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 12:01 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য সাকাতেকাসে এক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। 

শনিবার ভোররাতে রাজ্যটির এক মহাসড়কে বাসটি একটি ভূট্টাবাহী ট্র্যাক্টর-ট্রেইলারকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

বাসটি রাস্তা থেকে পাশের ঢালে ছিটকে পড়ে আর ট্র্যাক্টর-ট্রেইলারটি উল্টে যায়।  

সাকাতাসের গভর্নর দাভিদ মনরেয়াল প্রথমে নিহতের সংখ্যা ২৪ জন বলে জানিয়েছিলেন। পরে রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর তাদের বিবৃতিতে মৃত্যুর সংখ্যা ১৯ বলে জানায়। 

অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে তারা। 

রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার সময় কিছু মৃতদেহ গিরিখাতে পড়ে যায়, সেসব লাশ উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে।  

সামাজিক মাধ্যমে আসা ছবিগুলোতে দেখা গেছে, সামরিক বাহিনীর সদস্যসহ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে, সেখানে উদ্ধারকারী বাহিনীর দলও আছে আর তারা গিরিখাতে পড়ে যাওয়া মৃতদেহ তুলে আনার কাজ করছে। 

বাসটি চিউয়াউয়া রাজ্যের সিউদাদ হুয়ারেস শহরের দিকে যাচ্ছিল। এটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী একটি শহর। 

অ্যাটর্নি জেনারেল দপ্তরের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনার হতাহতদের মধ্যে কোনো অভিবাসন প্রত্যাশী ছিল না।