২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কোনও আশা দেখছেন না সাবেক সহযোগী

যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে ডনাল্ড ট্রাম্পও গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছিলেন। বলা হচ্ছিল, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তিনি দলের হয়ে প্রচার চালাচ্ছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কোনও আশা দেখছেন না সাবেক সহযোগী

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 09:03 PM

Updated : 10 Nov 2022, 01:19 AM

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল যা হতে যাচ্ছে তাতে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীত হওয়া উচিত হবে না বলে মনে করছেন ট্রাম্পের একসময়ের সহযোগী সারাহ ম্যাথিউস।

তিনি বলেন, ‘‘ডনাল্ড ট্রাম্পের যে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হওয়া উচিত হবে না সে বিষয়ে গতরাতেই সবচেয়ে বড় ইঙ্গিতটি পাওয়া গেছে বলে আমি মনে করি। তিনি অপেক্ষাকৃত কম যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়ায় যেসব আসনে রিপাবলিকানদের জয় প্রায় নিশ্চিত ছিল সেগুলোতেও হার হয়েছে।”

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল থেকে ভোটের ফল আসতে শুরু করেছে।

এখন পর্যন্ত যে ফল পাওয়া গেছে তাতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে ঝুলন্ত অবস্থা বিরাজ করছে। সিএনএন এর খবর অনুযায়ী, ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় দল সেখানে ৪৮টি করে আসনের দখল নিয়েছে।

নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সামান্য ব্যবধানে এগিয়ে। সিএনএন জানায়, হাউজে ডেমোক্র্যাটিকরা পেয়েছে ১৭৮টি আসন। রিপাবলিকানদের দখলে ১৯৯টি।

অথচ, ঐতিহ্যগতভাবে হোয়াইট হাউজে যিনি থাকেন মধ্যবর্তী নির্বাচনে সাধারনত তার দল আসান হারানোর প্রবণতা দেখা যায়। এবারের নির্বাচনের ভোটের আগে প্রায় সবগুলো জনমত জরিপে রিপাবলিকানরা অনেকটা এগিয়ে ছিল।

দেশ এবং আন্তর্জাতিক আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিও রিপাবলিকানদের পক্ষে ছিল। তাই ধরে নেওয়া হয়েছিল, ৮ নভেম্বরের ভোটে ‘লাল ঢেউ’ দেখা যাবে। কিন্তু তেমনটা যে হচ্ছে না সেটি এখন একরকম নিশ্চিত।

প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে ম্যাথিউস ছিলেন হোয়াইট হাউজের উপ প্রেসসচিব। তিনি বলেন, ‘‘দেশে রেকর্ড মূল্যস্ফীতি, অপরাধ নিয়ে দিন দিন বাড়তে থাকা আতঙ্ক, ইতিহাসের সবচেয়ে জঘন্য সীমান্ত সংকট এবং একজন অজনপ্রিয় প্রেসিডেন্ট। এত কিছুর পরও রিপাবলিকানদের পারফমেন্স এখনও হতাশাজনক।

এরকম হওয়ার একটি বড় কারণ ওইসব প্রার্থীরা যাদের ট্রাম্প সমর্থন দিয়েছেন। তারা যোগ্য নন। আমার মতে এটি রিপাবলিকানদের জন্য একটি শিক্ষা। প্রথমত, ট্রাম্প জাতীয়ভাবে জয়ী হওয়ার মতো নন।দ্বিতীয়ত, প্রার্থীদের যোগ্যতা ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ।”

সিএনএন-র বিশ্লেষক হ্যারি এনটেন বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, ‘‘যেসব ভোটার ব্যক্তি ট্রাম্পকে অপছন্দ করেন, তারা এবারের নির্বাচনে দলে দলে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

‘‘মূলত, যে সব লোকেরা দুই বছর আগে বলেছিলেন, তারা বাইডেনের জন্য ভোট দিয়েছেন, তারা হাউজ নির্বাচনে এসেও ডেমোক্র্যাটিক পার্টিতেই আটকে ছিলেন। এই সময়ের মধ্যে বাইডেন অজনপ্রিয় হয়ে পড়ার পরও।”