Published : 17 Sep 2025, 03:53 PM
জাপান সরকার আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না, এমন একটি সিদ্ধান্ত দেশটির সরকার নিয়েছে বলে জাপানি সংবাদপত্রগুলো জানিয়েছে।
অনামা সরকারি সূত্রের উদ্ধতি দিয়ে বুধবার আসাহি সংবাদপত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এবং ইসরায়েলের মনোভাব কঠোর হওয়া এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের সরকার জানিয়েছে, চলতি মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
এতে ফিলিস্তিনি ভূখণ্ডগুলোতে তাদের কার্যকলাপ নিয়ে ইসরায়েল বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের মুখে পড়ছে বলে রয়টার্স জানিয়েছে।
গত সপ্তাহে বার্তা সংস্থা কিয়োডো জানায়, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়ার প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। কিন্তু বেশ কয়েকটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ জানিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি বলেন, “জাপান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে একটি ব্যাপক মূল্যায়ন পরিচালনা করছে, যার মধ্যে উপযুক্ত সময় ও পদ্ধতির বিষয়টিও অন্তর্ভুক্ত।”
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র মন্ত্রিসভার মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি বুধবার এক সংবাদ সম্মেলনে আসাহির প্রতিবেদনের বিষয়ে প্রশ্নে একই বিবৃতির পুনরাবৃত্তি করেছেন বলে রয়টার্স জানিয়েছে।
তবে ওই সংবাদ সম্মেলনে হায়াশি গাজা সিটিতে ইসরায়েলের স্থল আক্রমণ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বলেছেন, “এতে দ্বি-রাষ্ট্রীক সমাধানের ভিত্তি ভেঙে পড়তে পারে।”
তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “দুর্ভিক্ষসহ গুরুতর মানবিক সংকটের অবসান ঘটাতে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন।”
শুক্রবার জাতিসংঘে এক বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রীক সমাধানের প্রতি ‘বাস্তব, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অপরিবর্তনীয় পদক্ষেপের’ রূপরেখার এক ঘোষণাপত্রের পক্ষে যে ১৪২টি দেশ ভোট দিয়েছে জাপানও তাদের মধ্যে ছিল।
কিন্তু আসাহি সংবাদপত্র জানিয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই বিষয়টি নিয়ে ২২ সেপ্টেম্বরের বৈঠকটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ‘বিপরীত ফল বয়ে আনবে’ বলে মন্তব্য করেছেন জি৭ এর সদস্য দেশ জার্মানি ও ইতালির কর্মকর্তারা।