২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোর তালিকাভুক্ত বনে দাবানল নেভাতে লড়ছে ইরান

কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলজুড়ে ছড়িয়ে থাকা হাইরক্যানিয়ান বন দাবানলে হুমকির মুখে পড়েছে। বনটির উৎপত্তি ৫ কোটি বছর আগে।

ইউনেস্কোর তালিকাভুক্ত বনে দাবানল নেভাতে লড়ছে ইরান
ইরানের উত্তরাঞ্চলে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভু্ক্ত হাইরক্যানিয়ান বন ভয়াবহ দাবানলে জ্বলছে। ফাইল ছবি: ইরানওপেনডেটা ডট অর্গ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 10:37 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ইরানের উত্তরাঞ্চলে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভু্ক্ত একটি বন ভয়াবহ দাবানলে জ্বলছে। এই আগুনের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য চেয়েছে তেহরান। 

ইরানের শীর্ষ পরিবেশ কর্মকর্তা শনিবার জানিয়েছেন, তাদের ডাকে সাড়া দিয়ে প্রতিবেশী তুরস্ক দাবানলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কয়েকটি অগ্নিনির্বাপণ বিমান পাঠাচ্ছে। 

রয়টার্স জানায়, কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলজুড়ে ছড়িয়ে থাকা হাইরক্যানিয়ান বন এই দাবানলে হুমকির মুখে পড়েছে। এই বনটির উৎপত্তি পাঁচ কোটি বছর আগে। ২০১৯ সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। 

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, এই বনে ৩২০০ প্রজাতির উদ্ভিদ আছে। ফুলের বৈচিত্র্যে এটি বিশ্বের একটি উল্লেখযোগ্য স্থান।  

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি বলেন, “আজ তুরস্কের সরকার দুটি অগ্নিনির্বাপন আকাশযান ও একটি হেলিকপ্টার পাঠাচ্ছে। প্রয়োজনে রাশিয়ার সহযোগিতা নেওয়ার সুযোগও রয়েছে।” 

ইরানজুড়ে বৃষ্টির মাত্রা গড়ের চেয়ে ৮৫ শতাংশ কম হওয়ায় দেশটিতে খরা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতেই হাইরক্যানিয়ান বনে দাবানল ছড়িয়ে পড়েছে। এই আগুন নিয়ন্ত্রণে আনতে দুটি ইরানি ইলিউশিন অগ্নিনির্বাপণ আকাশযান, সাতটি হেলিকপ্টার ও প্রায় ৪০০ দমকলকর্মী লড়াই করছেন। 

গণমাধ্যমের খবরে জানানো হয়, অক্টোবরের শেষ দিকে বনটিতে আগুন লাগার পর সেটি নিভিয়ে ফেলা হয়েছিল। কিন্তু গত সপ্তাহের শনিবার আবার দাবানল শুরু হয়। 

স্থানীয় প্রাদেশিক প্রকৃতি সুরক্ষা ইউনিটের প্রধান জানিয়েছেন, অননুমোদিত শিকারীরা এই আগুন লাগিয়ে থাকতে পারেন। 

ইরানের বন সংস্থার প্রধান রেজা আফলাতুনি জানিয়েছেন, ব্যক্তিগত আবাসস্থল গড়ে তোলার জন্য অবৈধভাবে বন ধ্বংসের প্রচেষ্টার সঙ্গে এ আগুনের সম্পর্ক থাকতে পারে।