২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে গেলেন মোদী

হিন্দু জাতীয়তাবাদী মোদী ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে ইসরায়েল সফর করেছিলেন।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে গেলেন মোদী
ইসরায়েলের উপকূলীয় শহর হাইফায় একটি স্মারক বইয়ে স্বাক্ষর করছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশে বসে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 03:02 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও ইরানের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় প্রবল আঞ্চলিক শত্রু রাষ্ট্র। গত বছরের জুনে ইরান ও ইসরায়েল ১২ দিনের এক ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়েছিল।   

রয়টার্স জানিয়েছে, দুই দিনের এক সফরে বুধবার মোদী ইসরায়েলে গিয়েছেন। উভয় দেশই এই সফরকে সম্পর্ক গভীর করার একটি সুযোগ হিসেবে দেখছে।  

হিন্দু জাতীয়তাবাদী মোদী ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে ইসরায়েল সফর করেছিলেন। ওই সফরে তিনি ইসরায়েলের ডানপন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার সমুদ্র সৈকতে খালি পায়ে হেঁটেছিলেন।  

প্রায় নয় বছর পরে তারা দুজনেই এখনও ক্ষমতায় আছেন। তারা পরস্পরকে বন্ধু হিসেবে অভিহিত করে আসছেন। মোদীর এবারের সফরে তারা প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।                 

ইসরায়েল তাদের সামরিক রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে। এ সময়ই মোদী দেশটিতে সফরে গেলেন। 

ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা বলেছেন, “মোদীর এ সফর বিভিন্ন ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার পথ প্রশস্ত করবে।”

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য উন্নতি দ্বারপ্রান্তে আছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।     

মোদী ইসরায়েলের পার্লামেন্টে (নেসেট) ভাষণ দিবেন বলে ধারণা করা হচ্ছে।  

মধ্যপ্রাচ্যের ইরান উপকূলে বড় ধরনের নৌ শক্তির সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে চলমান বিরোধ সমাধানের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এই আলোচনা কোনো চুক্তিতে না গড়ালে ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

হামলা হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। এসব উপসাগরীয় দেশগুলোতে জীবিকার জন্য লাখ লাখ ভারতীয় বসবাস করে আর তারা প্রতি বছর শত শত কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠায়।   

চুক্তিতে পৌঁছতে যে কোনও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত: ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এসব উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যেই ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইন্ধন যোগাতে থাকা ইসরায়েল সফরে গেলেন মোদী। 

ভারতীয় থিঙ্ক-ট্যাঙ্ক ‘অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন’ এর কবির তানেজা জানিয়েছেন, নয়া দিল্লি ওই অঞ্চলে সংঘাত দেখতে চায় না। ইসরায়েল সফরে মোদী ভারতের এমন মনোভাব ইসরায়েল সরকারকে জানাবেন বলে ধারণা প্রকাশ করেছেন তিনি।