১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘শাট আপ, ট্রাম্প’: এআই ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইরানের ব্যঙ্গ

কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট এবং পাকিস্তানের অনুরোধে তার যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাঙ্গ করেছে ইরানিরা।

‘শাট আপ, ট্রাম্প’: এআই ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইরানের ব্যঙ্গ
ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 10:04 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

তেহরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নিয়ে বিদ্রূপ থামছে না ইরানিদের। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে ট্রাম্পকে ক্রমাগত ‘ট্রোল’ করছে তারা। 

সর্বশেষ ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনস্যুলেটের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে ট্রাম্প এবং ‘পাকিস্তানের অনুরোধে’ তার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাঙ্গ করা হয়েছে। ভিডিওটি পোস্ট করে এক্সে লেখা হয়েছে, “কীভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হল? ভিডিওটি ইরানে ভাইরাল হচ্ছে।”

৪৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, এআই-নির্মিত ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও অন্যদের নিয়ে আলোচনার টেবিলে ইরানের প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করছেন।

ভিডিওতে ট্রাম্পের এআই রূপটিকে তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখতে দেখা যায়, “ইরানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা চলছে।” 

এরপর স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস-এর বিখ্যাত ‘২০০০ বছর পর’ মিম টেমপ্লেট ব্যবহার করে দেখানো হয়, ইরানিদের দেখা না পেয়ে ট্রাম্প বিরক্ত হয়ে উঠছেন।

একপর্যায়ে রাগান্বিত ট্রাম্প খালি আসনগুলোর দিকে তাকিয়ে বলছেন, “ইরান যদি আলোচনায় না আসে, তবে আমরা তাদের ওপর বোমা ফেলব।” এর কিছুক্ষণ পর তিনি রাগে ফেটে পড়ে প্রশ্ন করেন, “ইরানিরা তাহলে কোথায়?” 

ঠিক সেই মুহূর্তে একজন সহকারী তার হাতে একটি নোট তুলে দেন, যাতে লেখা ছিল, “শাট আপ, ট্রাম্প” (চুপ করুন, ট্রাম্প)।

ভিডিওর শেষে ট্রাম্পকে বলতে শোনা যায়, “ঠিক আছে, তাহলে আমি পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিচ্ছি।” এরপর হাসির শব্দের মধ্যে তাকে দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

ভিডিওটি ব্যঙ্গাত্মক হলেও বাস্তবে ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। তেহরানের নেতৃত্বকে যুদ্ধ বন্ধে একটি ‘ঐক্যবদ্ধ প্রস্তাব’ তৈরির জন্য সময় দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।

তবে ইরান এখনও আলোচনার টেবিলে ফিরবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়ে আসছে। চলতি সপ্তাহের শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা হওয়ার কথা রয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যানুযায়ী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, “আমরা সদিচ্ছা এবং গুরুত্বের সঙ্গেই আলোচনায় অংশ নিয়েছিলাম, কিন্তু অপর পক্ষ (যুক্তরাষ্ট্র) অবজ্ঞা ও সদিচ্ছার অভাব দেখিয়েছে।”

তিনি আরও বলেন, “চলতি সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার শান্তি আলোচনায় অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে ইরান এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।”