২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোঁজ মিলল দুই ত্রাণবাহী নৌকার, নিরাপদে পৌঁছাল হাভানায়

একটি সামুদ্রিক নজরদারি উড়োজাহাজ শুক্রবার পালতোলা নৌকা দুটিকে কিউবার ১৪৮ কিলোমিটার উত্তরপশ্চিমে খুঁজে পায়।

খোঁজ মিলল দুই ত্রাণবাহী নৌকার, নিরাপদে পৌঁছাল হাভানায়
নৌযানদু’টি গত ২১ মার্চ কিউবার উদ্দেশ্যে মেক্সিকোর ইসলা মুয়েরেস ছাড়ে। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 01:51 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

মেক্সিকো থেকে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া দুটি পালতোলা নৌকা শেষ পর্যন্ত কিউবার হাভানায় পৌঁছেছে বলে জানিয়েছে মেক্সিকোর নৌ বাহিনী।

খারাপ আবহাওয়ার কারণে নৌকা দুটির গন্তব্যে পৌঁছাতে দেরি হয়। ওই বিলম্বের কারণে দুশ্চিন্তা শুরু হলে কর্তৃপক্ষ নৌযানদুটিকে নিখোঁজ ঘোষণা করে ক্যারিবীয় সাগরে অনুসন্ধান অভিযানেও নামে। 

শনিবার নৌকা দুটি কিউবার রাজধানীতে নিরাপদে পৌঁছায় বলে মেক্সিকোর নৌ বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার নিখোঁজ ঘোষণার পর একটি সামুদ্রিক নজরদারি উড়োজাহাজ শুক্রবার পালতোলা নৌকা দুটিকে কিউবার ১৪৮ কিলোমিটার উত্তরপশ্চিমে খুঁজে পায়। ক্রু’রা জানান তারা সুস্থ আছেন। খারাপ আবহাওয়া বিশেষ করে বাতাসের কারণে তাদের নৌযানগুলোর গতি কমে গিয়েছিল, বলেছে মেক্সিকোর নৌ বাহিনী।  

কিউবায় তেল ও অন্যান্য সামগ্রী পৌঁছানো আটকাতে যুক্তরাষ্ট্রের দেওয়া অবরোধ ভাঙার লক্ষ্যে সোলার প্যানেল, খাবার, ওষুধ, শিশুখাদ্য ও বিভিন্ন জরুরি উপকরণ নিয়ে ক্যারিবীয় অঞ্চলের সর্ববৃহৎ দ্বীপটিতে পৌঁছাতে চাওয়া ত্রাণ বহরের অংশ ছিল এ দুটি নৌকা।

দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞায় থাকার কারণে অর্থনৈতিকভাবে এমনিতেই চাপে থাকা কিউবা সম্প্রতি তেলের অভাবে ব্যাপক বিদ্যুৎ সঙ্কটে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় দেশটিকে এখন বিদ্যুৎ রেশনিং করতে হচ্ছে।  

“নৌযানগুলো হাভানার পথে যাত্রা অব্যাহত রেখেছে,” বলেছেন নুয়েস্ত্রা আমেরিকা বহরের এক মুখপাত্র। 

“কিউবার জনগণের কাছে জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছে দেওয়ার মিশন শেষ করার পথেই রয়েছে বহর,” বলেছেন তিনি।  

যে দুটি পালতোলা নৌকাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল সেগুলো গত ২১ মার্চ মেক্সিকোর ইসলা মুয়েরেস ছেড়েছিল, মঙ্গল-বুধবারের মধ্যে তাদের হাভানা পৌঁছানোর কথা ছিল। বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষার পর কর্তৃপক্ষ ‘ফ্রেন্ডশিপ’ ও ‘টিগার মথ’ নামের নৌযান দুটিকে নিখোঁজ ঘোষণা করতে বাধ্য হয়। 

শুক্রবার মার্কিন কোস্ট গার্ড একবার প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থাকে নৌকাদু’টিকে পাওয়া গেছে বলে জানায়; কিন্তু কিছুক্ষণ পরই তারা বিবৃতি সংশোধন করে ‘অনুসন্ধান অব্যাহত আছে’ বললে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। 

স্পেনিশ ভাষায় ‘নুয়েস্ত্রা আমেরিকার’ অর্থ— আমাদের আমেরিকা। এই জোটে রাজনৈতিক দল, আইনপ্রণেতা, বিভিন্ন পেশাদার ইউনিয়ন ও এনজিওসহ ৩০টি দেশের প্রায় ৩০০টি সংস্থা আছে বলে জানিয়েছে রয়টার্স। 

এই ‘নুয়েস্ত্রা আমেরিকা’ এখন পর্যন্ত আকাশ ও সমুদ্রপথে কিউবায় খাবার, ওষুধ, সোলার প্যানেল, বাইসাইকেলসহ আনুমানিক ২০ টনের মতো ত্রাণ পাঠিয়েছে। 

ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা