২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ হাজারেরও বেশি গর্ভবতী রুশ নারী আর্জেন্টিনায়, কেন?

আটক রুশ নারীরা প্রথমে নিজেদেরকে পর্যটক বলে দাবি করলেও, পরে তারা যে কেবল ভ্রমণে আসেনি তা স্বীকার করে নিয়েছে।

৫ হাজারেরও বেশি গর্ভবতী রুশ নারী আর্জেন্টিনায়, কেন?

প্রতিনিধিত্বশীল ছবি। রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 04:50 PM

Updated : 12 Feb 2023, 04:50 PM

সাম্প্রতিক মাসগুলোতে পাঁচ হাজারেরও বেশি গর্ভবতী রুশ নারী আর্জেন্টিনায় প্রবেশ করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশটির কর্মকর্তারা।

এর মধ্যে কেবল বৃহস্পতিবারই একটি ফ্লাইটে ৩৩ ‍রুশ গর্ভবতী নারী নেমেছেন, বলেছে তারা।

সর্বশেষ যারা আর্জেন্টিনায় নেমেছেন, তাদের সবাই আর অল্প কয়েকদিনের মধ্যে সন্তান জন্ম দিতে যাচ্ছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার অভিবাসন সংস্থা।  

এ নারীরা তাদের সন্তানকে আর্জেন্টিনায় জন্ম দিয়ে নিজেরা দক্ষিণ আমেরিকার দেশটির নাগরিকত্ব বাগিয়ে নিতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনায় এ রুশ গর্ভবতী নারীদের আগমন সাম্প্রতিক মাসগুলোতে বেড়েছে, ইউক্রেইনে যুদ্ধের কারণেই এমনটা হচ্ছে বলে আন্দাজ স্থানীয় গণমাধ্যমের।

বৃহস্পতিবার একটি ফ্লাইটে আর্জেন্টিনার রাজধানীতে নামা ৩৩ রুশ নারীর মধ্যে তিনজনকে ‘তাদের কাগজপত্রে ঝামেলা থাকার’ কারণে আটকও করা হয়; আগেরদিন এরকম আরও তিনজনকে আটক করা হয়েছিল বলে লা নেশনকে জানান আর্জেন্টিনার অভিবাসন সংস্থার প্রধান ফ্লোরেন্সিয়া কারিগনানো।

তিনি বলেন, আটক রুশ নারীরা প্রথমে নিজেদেরকে পর্যটক বলে দাবি করলেও, পরে তারা যে কেবল ভ্রমণে আসেনি তা স্বীকার করে নিয়েছে।

রুশ নারীরা চাইছেন, তাদের সন্তানরা যেন আর্জেন্টিনার নাগরিকত্ব পায়, কেননা এটি তাদেরকে রুশ পাসপোর্টের চেয়ে বেশি স্বাধীনতা দেবে।

“সমস্যা হচ্ছে, তারা আর্জেন্টিনায় আসেন, এরপর সন্তানের নাম আর্জেন্টিনার নাগরিকদের তালিকায় ঢুকিয়ে চলে যান। আমাদের পাসপোর্ট বিশ্বজুড়েই বেশ সমাদৃত, ১৭১টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ করে দেয়,” বলেছেন কারিগনানো।

রাশিয়ার পাসপোর্টে কেবল ৮৭টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।

সন্তান আর্জেন্টিনার নাগরিক হলে, তার বাবা-মার নাগরিক হওয়ার প্রক্রিয়াও দ্রুততর হয়।

রাশিয়া গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সেনা পাঠানোর পর থেকে পশ্চিমা অনেক দেশেই রুশদের যাওয়াটা কঠিন হয়ে উঠেছে।

গত বছরের সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে ভিসা সুবিধা চুক্তিও স্থগিত হয়ে যায়, যার ফলে ইইউভুক্ত দেশগুলোতে ঢুকতে রুশদের অতিরিক্ত কাগজপত্র দেওয়া লাগছে, ভিসা পেতে সময়ও বেশি লাগছে, বেশি বিধিনিষেধের খাড়ায় পড়তে হচ্ছে।

রাশিয়ার সঙ্গে সীমান্ত আছে এমন ইইউভুক্ত দেশসহ অনেক দেশ রাশিয়ান নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়াও বন্ধ রেখেছে।

বৃহস্পতিবার আটক তিন নারীর আইনজীবী ক্রিশ্চিয়ান রুবিলার জানান, তাদের মক্কেলদের মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে।

“তাদেরকে ভুয়া পর্যটক সন্দেহে ধরা হয়েছিল। কিন্তু এই ‘ভুয়া পর্যটক’ জাতীয় কিছু আমাদের আইনে নেই। তারা কোনো অপরাধ করেননি, অভিবাসন সংক্রান্ত কোনো আইনও ভাঙেননি। উল্টো অবৈধভাবে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে,” বলেছেন রুবিলার।

এরপর ওই নারীদের ছেড়ে দেওয়া হয়।

আর্জেন্টিনায় রুশ নারীদের আগমন নাটকীয় হারে বেড়ে যাওয়ার পেছনে ইউক্রেইন যুদ্ধকে মূল কারণ হিসেবে দেখালেও লা নেশন লিখেছে, “যুদ্ধ থেকে পালানো এবং তাদের দেশের স্বাস্থ্যসেবার সংকটের বিষয়টি বাদেও রুশ নারীরা আর্জেন্টিনায় ভিসাছাড়া প্রবেশ, উচ্চ মানসম্পন্ন ওষুধ ও নানান ধরনের হাসপাতালে আকৃষ্ট হচ্ছেন।” 

আর্জেন্টিনায় রুশ নাগরিকদের জন্য এই ‘বার্থ ট্যুরিজম’ দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

রুশভাষার্ এক ওয়েবসাইটে আর্জেন্টিনায় সন্তান জন্মদানে ইচ্ছুক মায়েদের জন্য নানান প্যাকেজের উল্লেখ রয়েছে বলে বিবিসি দেখেছেও।

এসব প্যাকেজে আছে- পছন্দমতো সন্তান জন্মদান পরিকল্পনা, এয়ারপোর্ট পিক-আপ, স্পেনিশ ভাষা শিক্ষা, আর্জেন্টিনার সেরা হাসপাতালগুলোতে থাকার খরচে ছাড়। ‘ইকোনমি শ্রেণি’ ও ‘প্রথম শ্রেণির’ প্যাকেজগুলো শুরু হয়েছে যথাক্রমে ৫ হাজার ও ১৫ হাজার ডলার থেকে।

ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠাতা এই বার্থ ট্যুরিজম ও অভিবাসন সহায়তা ২০১৫ সাল থেকেই দিয়ে আসছেন। তাদের কোম্পানি ‘শতভাগ আর্জেন্টিনীয়’।

লা নেশন তাদের শনিবারের এক প্রতিবেদনে জানায়, আর্জেন্টিনার পুলিশ ভুয়া কাগজপত্র দিয়ে গর্ভবতী রুশ নারী ও তাদের সঙ্গীদের আর্জেন্টিনায় বসবাসের সুযোগ করে দেওয়ার ‘লাখ লাখ ডলারে ব্যবসা ও এ সংক্রান্ত অবৈধ নেটওয়ার্ক’ নিয়ে তদন্তের অংশ হিসেবে বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়েছে।

এ ধরনের কাজে সংগঠিত ওই অপরাধী গোষ্ঠী ৩৫ হাজার ডলার পর্যন্ত হাতিয়ে নিত।

অভিযানে কাউকে আটক করা না হলেও একাধিক ল্যাপটপ-ট্যাবলেট, অভিবাসন সংক্রান্ত নথিপত্র ও বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে, জানিয়েছে পুলিশ।