যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সর্ববৃহৎ জলবায়ু প্যাকেজে’ স্বাক্ষর বাইডেনের
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্রে থাকা ওষুধের মূল্য এবং উচ্চ মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্যে আইনটি বানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৪৩ হাজার কোটি ডলারের একটি বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন, যাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্ববৃহৎ জলবায়ু প্যাকেজ হিসেবে দেখা হচ্ছে।
অভ্যন্তরীণ পর্যায়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশনে থাকা ওষুধের মূল্য এবং উচ্চ মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্যে আইনটি বানানো হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসে এ বিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ডেমোক্র্যাট নেতাদের মধ্যে ওয়েস্ট ভার্জিনিয়ার সেনেটর জো মানচিনও ছিলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ‘মূল্যস্ফীতি কমানো আইন’এ যার সমর্থন খুবই জরুরি ছিল; কারণ এর আগে তিনি হোয়াইট হাউসের সমর্থন সত্ত্বেও আরও বেশি ব্যবস্থা সম্বলিত একটি বিল আটকে দিয়েছিলেন।
স্বাক্ষরের পর প্রেসিডেন্ট বাইডেন তার হাতের কলমটি এ বিলকে ‘ভারসাম্যপূর্ণ বিল’ অ্যাখ্যা দেওয়া ওয়েস্ট ভার্জিনিয়ার এ সেনেটরের হাতে তুলে দেন।
এ অনুষ্ঠানে বাইডেন রিপাবলিকানদের ব্যাপক সমালোচনা করেন।
“ঐতিহাসিক এ ক্ষণে ডেমোক্রেটরা মার্কিন জনগণের পক্ষ নিল আর প্রত্যেক রিপাবলিকান নিল বিশেষ স্বার্থের পক্ষ। কংগ্রেসের প্রত্যেক রিপাবলিকান সদস্য এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে,” বলেন বাইডেন।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও প্রেসক্রিপশনকৃত ওষুধের দাম কমানোর এই আইনের লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণ পর্যায়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস করা। আইনে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বয়স্ক ব্যক্তিদের ওষুধের দাম কমাতে দরকষাকষির সুযোগ এবং বহুজাতিক কোম্পানি ও ধনীদের কাছ থেকে পাওনা কর আদায় নিশ্চিতে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
ডেমোক্রেটরা বলছেন, কেন্দ্রীয় বাজেটে ঘাটতি কমানোর মাধ্যমে এই আইন মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়বে। বিভিন্ন রেটিং সংস্থা ও স্বতন্ত্র অর্থনীতিবিদরা তাদের এই ভাষ্যে সমর্থন দিলেও আইনটির সুফল পেতে ‘অনেক বছর লাগবে’ বলে মন্তব্য করেছেন।
বিল স্বাক্ষর অনুষ্ঠানে সেনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা চাক শুমার বলেছেন, কখন আলোচনা থেকে দূরে থাকতে হবে এবং কখন খেলতে দিতে হবে।
“আমরা যেন জলবায়ু থেকে দৃষ্টি না সরাই, তা নিশ্চিত করেছেন তিনি (বাইডেন),” বলেছেন শুমার।
রিপাবলিকানরা বলছেন, নতুন এ আইন দাম কমাতে তেমন ভূমিকা রাখবে না।
সেনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের মতে, দাম কমানো তো দূর, এ আইন বরং উল্টো প্রভাব ফেলবে।
“বিপুল পরিমাণ ব্যয় করে মূল্যস্ফীতির রেকর্ড গড়ে ডেমোক্রেটরা গত বছর আমাদের লুটে নিয়েছিল। তার সমাধানে এ বছর তারা দ্বিতীয় বারও একই কাজ করছে। পক্ষপাতদুষ্ট যে বিলে স্বাক্ষর করে বাইডেন আইনে পরিণত করেছেন, তা কর বাড়বে, জ্বালানির ব্যয় বাড়াবে, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের অডিট আরও আগ্রাসী করবে,” বলেছেন তিনি।
